খবর কী আগামীর স্ট্রাইকারদের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দের ব্যর্থতায় নবীন স্ট্রাইকারদের প্রস্তুত করে তোলাটা জরুরি হয়ে পড়েছে। কিন্তু দায়িত্বটা নিচ্ছে না কেউই। ক্লাব যেন বালুর মধ্যে মাথা গুঁজে আছে। আর ফেডারেশন কথায় কথায় মনে করিয়ে দেয় ওটা ক্লাবের কাজ। প্রশ্নটা তাই বড় হয়ে উঠছে, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?

ক্লাবকাঠামো শক্তিশালী না হওয়ায় নেপাল-ভুটানের মতো দেশ বেশ কয়েকটি একাডেমি করেছে। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার ৪০ বছর পর একটা একাডেমি শুরু করেও শেষ পর্যন্ত দুই বছরের মধ্যেই রণে ভঙ্গ দিয়েছে।

ঢাকার ক্লাব ফুটবলে প্রতিটি দলের আক্রমণভাগেই বিদেশি খেলোয়াড়। ফলে নবীনেরা বিকশিত হওয়ার সুযোগ না পেয়ে চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। ১৭-১৮ বছরের নবীনের পক্ষে বিদেশিদের সঙ্গে টক্কর দেওয়া খুব কঠিন। আর তাই গত বছর সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন দলের নজরকাড়া স্ট্রাইকার সারোয়ার জামান নিপু এ মৌসুমে শেখ জামালে নাম লিখিয়ে বসে আছে বেঞ্চে। শেখ জামাল ২১টি ম্যাচ খেললেও কিশোরগঞ্জের ভূঁইয়া একাডেমি থেকে উঠে আসা ছেলেটি খেলেছে মাত্র একটি ম্যাচ।

আবাহনীতে আছে সাফজয়ী অনূর্ধ্ব-১৬ দলের সাদ উদ্দিন। অথচ সাফে রাইট উইঙ্গার সাদকে দেখে ভারতের কোচ বলেছিলেন, ‘এই ছেলেটি বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ।’ কিন্তু ছেলেটির খোঁজ আর কেউ রাখেনি। যদিও আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর অভয়, ‘সে অনুশীলন করে তৈরি হচ্ছে। আশা করি, সামনে সুযোগ পাবে।’

নেপালে গত বছর সাফ অনূর্ধ্ব-১৯ খেলা বাংলাদেশ দলের স্ট্রাইকার ফয়সাল আহমেদ ও ওই অনূর্ধ্ব-১৯ দলের রাইট উইঙ্গার রোহিত সরকারও অবশ্য উত্তর বারিধারার মূল দলেই ঢুকে গেছেন। ওই দলের রাব্বিও সুযোগ করে নিয়েছেন ব্রাদার্সের মূল দলে। তবে ফয়সাল আহমেদ বলছেন আসল কথাটা, ‘সব দলেই বিদেশি খেলোয়াড়। স্থানীয়রা সুযোগ পেলে তবেই হয়তো জাতীয় দলের গোলখরা কাটবে।’

নতুন খেলোয়াড় তুলে আনতে একসময় লিগে অন্তত একজন নবীনকে বাধ্যতামূলক একাদশে রাখার নিয়ম করেছিল বাফুফে। ক্লাব অবশ্য তাকে মাঠে নামিয়েই তুলে নিত। তবে ওটাই তাদের জন্য ছিল অনুপ্রেরণাদায়ী। তবে এখন ক্লাবের ওপর কিছু চাপিয়ে দিতে নারাজ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘ক্লাবের ওপর খবরদারি করা সম্ভব নয়। ক্লাব কাকে খেলাবে, সেটা তাদের স্বাধীনতা।’

নবীন স্ট্রাইকারদের জন্য একটা পথরেখা এঁকে দেওয়ার সুযোগ তো ফেডারেশনের আছে! অথচ তারা কে কোথায় কী করছে, সেই খোঁজই রাখে না বাফুফে। নেপাল-ভুটানের মতো দেশগুলোও এটা করে। এ অবস্থায় অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ করা কোচ সাইফুল বারীর পরামর্শ, ‘ক্লাবের পাইপলাইন যেহেতু নেই, তাই ফেডারেশনের অধীনে প্রাতিষ্ঠানিকভাবে কিছু একটা করা যেতে পারে।’

অতীতে ফেডারেশন কিছু করেনি, তা নয়। কিন্তু কোনোটিরই ধারাবাহিকতা নেই। বছর দুয়েক আগে সারা দেশ থেকে প্রতিভা বাছাইয়ের শেষ ধাপে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছয়জন উদীয়মান স্ট্রাইকার বাছাই করেছিল বাফুফে। তাঁরা এখন কোথায়, ফেডারেশন জানে না। সাফজয়ী অনূর্ধ্ব-১৬ দলের নবীনদের লালন-পালন করার অঙ্গীকার রাখতে না-পারা প্রসঙ্গে সালাউদ্দিনের যুক্তি, ‘ওদের আমি বলেছিলাম ফেডারেশনের অধীনে থাকো, কিন্তু ওরা ক্লাবে গিয়ে সুযোগ না পেলে আমরা কী করতে পারি।’

বাফুফে হয়তো ক্লাবকে বাধ্য করতে পারে না। তবে ডেভেলপমেন্ট কমিটির সংশ্লিষ্ট এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, উঠতি ১০ স্ট্রাইকারের কথা নাকি তাঁরা জানেন। এঁদের মাসে দু-একবার ডেকে সংক্ষিপ্ত ক্যাম্প করা যায়। কিন্তু সে কাজ করলে তো! স্ট্রাইকারদের ব্যর্থতায় নিপু, সাদকে জাতীয় দলের ক্যাম্পে এনে দেখা হবে শোনা যাচ্ছিল। কিন্তু শীর্ষ কর্তারা বলছেন, ওদের এনে কী হবে, ওরা তো ক্লাবেই বসে আছে।

ক্লাবগুলোর যুবদল নিয়ে দুটি টুর্নামেন্ট হয়েছে। দুই বছর ধরে ওটা হিমাগারে। ফলে উঠতি ফুটবলারদের পথ রুদ্ধই হয়ে আছে।