খবর হলেন খবরের ফেরিওয়ালারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে ঘরে খবর ফেরি করেই দিন কাটে তাঁদের। সারা দিনের ব্যস্ততায় মাঠে গিয়ে খেলার ফুরসত হয় না খুব একটা। এমন অপেশাদার খেলোয়াড়দের নিয়েই গত মঙ্গলবার আয়োজন করা হয়েছিল দিনব্যাপী প্রীতি ফুটবল টুর্নামেন্টের। প্রথম আলোর উদ্যোগে আয়োজিত ‘সংবাদপত্র হকার প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০১৭’ শুরু হয় বেলা ১১টায়। শেষ হয় সন্ধ্যা ছয়টায়। দিনভর কাদামাটির মাঠে বলের পেছনে ছুটে দর্শকদের মাতিয়ে রাখেন খেলোয়াড়েরা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা সবাই ঢাকা ও আশপাশের এলাকার সংবাদপত্রের হকার।

এ ফুটবল উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা।  ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোস্তফা কামাল ও হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ সংবাদপত্র হকার্স সংগঠনের নেতারা উপস্থিত থেকে উৎসাহ জুগিয়েছেন। ছিলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকেরাও। টুর্নামেন্টে বিজয়ী হয়েছে কোনাবাড়ী দল আর রানার্সআপ হয় নবাবপুর।