খরচে রিয়ালের পেছনে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের উঠতি তারকা ভিনিসিয়ুসকে কিনে স্কোয়াড শক্তিশালী করেছে রিয়াল। ছবি: টুইটার
ব্রাজিলের উঠতি তারকা ভিনিসিয়ুসকে কিনে স্কোয়াড শক্তিশালী করেছে রিয়াল। ছবি: টুইটার
>স্প্যানিশ ফুটবলে প্রাক্-মৌসুম দলবদলের বাজার শেষ হলো। আসুন, দেখে নিই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আয়-ব্যয়ের হিসাব।

স্প্যানিশ ফুটবলে দলবদলের বাজারের পর্দা নেমেছে গত পরশু। এবারের প্রাক্-মৌসুম উইন্ডোয় মোট ১২৪টি দলবদল সম্পন্ন হয়েছে স্প্যানিশ ফুটবলে। এবার খেলোয়াড় বেচাকেনায় রিয়াল মাদ্রিদের আয়-ব্যয়ে মোটামুটি ভারসাম্য থাকলেও বার্সেলোনা আয়ের চেয়ে বেশি ব্যয় করেছে।

গত মৌসুমের চেয়ে এবার বেশি ব্যয় করেছে স্প্যানিশ ক্লাবগুলো। খরচের মোট অঙ্ক ৮৯৭.১২ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৮ হাজার ৭৪১ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫৫০ টাকা। গত মৌসুমে ৫৭৬.৯৮৫ মিলিয়ন ইউরো খরচ করেছিল ক্লাবগুলো। স্প্যানিশ ফুটবলে এবার দেশটির বাইরের ক্লাবগুলোর খরচের অঙ্কও বেড়েছে। খেলোয়াড় কেনায় এবার ৫৫৫.০৫ মিলিয়ন ইউরো খরচ করেছে স্পেনের বাইরের দলগুলো। গত মৌসুমে বার্সেলোনা থেকে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোয় পিএসজি কিনলেও মোট খরচের অঙ্ক ছিল ৫৫১.৮২ মিলিয়ন ইউরো।

এবার মোট পাঁচ খেলোয়াড় বিক্রি করে ১৩৩.৫ মিলিয়ন ইউরো ঘরে তুলেছে রিয়াল। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ১৩০০ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৬৭৭ টাকা। ক্রিস্টিয়ানো রোনালদো (১১৭ মিলিয়ন), ওমাস মাসকারেল (১০ মিলিয়ন), তোরো (৩.৫ মিলিয়ন), লিয়েনহার্ট (২ মিলিয়ন) ও দে টমাস (১ মিলিয়ন)। এর বিপরীতে ভিনিসিয়ুস, মারিয়ানোসহ আরও দুই খেলোয়াড়কে কিনতে মোট ১৪৬ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১৪২২ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার) খরচ করেছে রিয়াল। অর্থাৎ আয়-ব্যয়ে মাত্র ১২.৫ মিলিয়ন ইউরো ঘাটতি রয়েছে মাদ্রিদের ক্লাবটির।

খেলোয়াড় কেনাবেচার আয়-ব্যয়ে বার্সেলোনার ঘাটতি রিয়ালের চেয়ে বেশি। গত মৌসুমে খেলোয়াড় কেনায় ২০৭.৫৭ মিলিয়ন ইউরো খরচ করলেও এবার ম্যালকম-আর্থারদের কিনতে মোট ১২৫.৯০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ১২২৬ কোটি ৭৩ লাখ ৫ হাজার ২৬৪ টাকা) খরচ করেছে কাতালান ক্লাবটি। এর বিপরীতে খেলোয়াড় বিক্রি থেকে তারা আয় করেছে ৮২.২ মিলিয়ন ইউরো। ঘাটতির পরিমাণ ৪৩.৭ মিলিয়ন ইউরো। গত মৌসুমে ১৮.৪৩ মিলিয়ন ইউরো লাভের মুখ দেখেছিল বার্সা।