খাদের কিনারায় ডর্টমুন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভয়াবহ’—শব্দটা অস্ফুটে বেরিয়ে এল ইয়ুর্গেন ক্লপের মুখ থেকে। বরুসিয়া ডর্টমুন্ড কোচের এই কথাটাই বলে দিচ্ছে পুরো গল্পটা। দশ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড এখন ১৮ দলের লিগে ১৭ নম্বরে, হেরেছে সর্বশেষ পাঁচ ম্যাচেই। নিজেদের ইতিহাসেই সবচেয়ে বাজে শুরুতে অবনমনের লজ্জা চোখ রাঙাচ্ছে তাদের। পরশু বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হারে তাই বিস্ময়ের কিছু নেই ডর্টমুন্ডের।
তবে পরশু হাসিমুখেই বিরতিতে গিয়েছিলেন ক্লপ। আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের সঙ্গে ১ গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড মার্কো রয়েসের দুর্দান্ত এক গোলে। এর আগে দুই দলই এগিয়ে যেতে পারত প্রথম পাঁচ মিনিটের মধ্যে। বায়ার্নের আরিয়েন রোবেন ও ডর্টমুন্ডের হেনরিক মেখিতারিয়ানের শট ফিরে আসে ক্রসবারে লেগে। বল বায়ার্নের পায়ে বেশি থাকলেও ডর্টমুন্ডের প্রতি-আক্রমণগুলোই ভয়ংকর ছিল বেশি।
কিন্তু দ্বিতীয়ার্ধেই পাল্টে যায় চিত্র, ডর্টমুন্ডকে ব্যস্ত থাকতে হয় বায়ার্নের আক্রমণ সামলাতেই। ৭০ মিনিটে ফ্রাঙ্ক রিবেরি নামার পর স্বাগতিকেরা যেন ক্ষুধার্ত হয়ে ওঠে আরও। ৭২ মিনিটেই পুরোনো ক্লাবের বিপক্ষে গোল করে দলকে সমতায় ফেরান রবার্ট লেভানডফস্কি। যার ভুল থেকে বল পেয়ে লেভানডফস্কি গোলটা করেছিলেন, সেই নেভান সুবোটিচই আবার ডুবিয়েছেন দলকে। ডর্টমুন্ড ডিফেন্ডার বক্সে রিবেরিকে ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করেছেন রোবেন।
ক্লপ মানছেন দল পড়ে গেছে দুর্যোগের মধ্যে, ‘আমাদের অনেক কিছু নতুন করে গোছাতে হবে। শুধু ভাগ্যের জন্য আমাদের এই হাল হয়নি। প্রথমার্ধে অনেক দিনের মধ্যে আমরা নিজেদের সেরা খেলাটা খেলেছি। অথচ সেটার পুরস্কার আমরা পাইনি।’ শীর্ষে বায়ার্নের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১৭, শিরোপার কথা ভাবাই ডর্টমুন্ডের জন্য বাতুলতা। চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়াই এখন কঠিন। পুরোনো দল ডর্টমুন্ডের জন্য শুভকামনা জানিয়েছেন লেভানডফস্কি, ‘বরুসিয়া খারাপ অবস্থায় আছে, তবে আমি নিশ্চিত পরের বছর ওরা চ্যাম্পিয়নস লিগে খেলবে।’
এদিকে সিরি ‘আ’তে নাপোলির কাছে রোমার হারের সুযোগ কাজে লাগিয়েছে জুভেন্টাস। পিরলো ও মোরাতার গোলে এম্পোলিকে ২-০ ব্যবধানে হারিয়ে তারা এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে, রোমার সঙ্গে তাদের ব্যবধান এখন ৩। এএফপি।