খামারে কাজ করে রূপকথার জন্ম!
ইতালির ফুটবলে নয়টি বিভাগ, সবচেয়ে নিচেরটি শৌখিন খেলোয়াড়দের ‘টেরজা ক্যাটাগরিয়া’। সেই ‘নগণ্য’ বিভাগেরই পুঁচকে দল কোয়া বসকো এবার উঠে এসেছে অষ্টম বিভাগে। হয়তো এমন কোনো কীর্তি নয়, কিন্তু তা অনেক বড় হয়ে যাচ্ছে খেলোয়াড়দের সংগ্রামী জীবনের জন্য। কোয়া বসকোর সব খেলোয়াড়ই ইতালির আফ্রিকান অভিবাসী। তাঁদের থাকার জায়গার কোনো ঠিক নেই, নিজেদের মাঠ থাকার তো প্রশ্নই আসে না। ‘শরণার্থীশিবিরের উদ্বাস্তু জীবনে’ বেঁচে থাকাটাই যেন অনেক।
কিন্তু খেলা যাঁদের রক্তে, একটা উপায় তো তাঁরা বের করে নেবেনই। দুই বছর আগে এই দলটি গঠিত, উদ্যোগটা নিয়েছিলেন স্থানীয় গির্জার পাদরি। সঙ্গে ছিলেন স্থানীয় ইতালিয়ানরা। ক্লাবের পরিচালক ডমেনিকো বাগালা জানাচ্ছেন, ‘এ ধরনের একটা উদ্যোগ নেওয়া সহজ নয়। অনেক অনেক বাধা আছে। এই ছেলেরা অনেক বড় একটা জয় পেয়েছে, তবে তাদের কাছে জীবন এখনো কঠিন।’
প্রতিদিন স্থানীয় খামারে কাজ করার ফাঁকে খেলতে হতো। এর চেয়েও বড় পরীক্ষার মুখে পড়তে হয়েছে খেলতে গিয়ে, স্রোতের মতো ধেয়ে এসেছে বর্ণবাদী গালি। গত মার্চে একটা ম্যাচে তো পাথর ছোড়া হয়েছিল। পরে ওই ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়। শেষ পর্যন্ত কোয়া বসকো দেখিয়ে দিল, রূপকথা বলে আসলেই কিছু আছে! বিবিসি।