খারিজ হয়ে গেল নেইমারের মামলা

রিও অলিম্পিকে যাওয়ার আগে খানিকটা স্বস্তি পাচ্ছেন নেইমার। বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই যে মামলা মোকদ্দমা ও আদালত প্রাঙ্গণে দৌড়াদৌড়িতেই বেশি সময় কাটাতে হয়েছে তাঁকে। কিছুদিনের জন্য তাঁকে স্বস্তি দিল স্প্যানিশ আদালত। নেইমারের বিরুদ্ধে স্প্যানিশ কর্তৃপক্ষের করা দুর্নীতির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
দলবদলের সময় প্রকৃত অঙ্কে লুকোছাপা করায় নেইমার ও তাঁর বাবার বিপক্ষে মামলা করেছিল ব্রাজিলিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। নেইমারে দলবদলের স্বত্বের ৪০ ভাগ মালিকানা ছিল এ প্রতিষ্ঠানের কাছে। কিন্তু দলবদলের অঙ্ক কম দেখানোয় বিশাল অঙ্কের অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের। এ বিষয়টি নিয়ে স্পেনের উচ্চ আদালতে মামলা করে ডিআইএস।
কিন্তু আজ আদালত সে মামলা খারিজ করে দিয়েছেন। আদালতের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এ মামলা ফৌজদারি আদালতে চালানো যাবে না।’ সূত্র: এএফপি।