খুঁজে পাওয়া গেল না মেসিকে

লুইস এনরিকে বলছেন, মালাগার বিপক্ষে ম্যাচটা ‘কঠিন’ ছিল। কিন্তু বার্সেলোনা এই মৌসুমের শুরু থেকে যা খেলেছে, তার সঙ্গে মেলালে এই প্রথম একটা বাজে ম্যাচের সাক্ষীই হলেন বার্সা সমর্থকেরা। বার্সেলোনার বাজে ম্যাচ মানেই তো মালাগার জয়জয়কার। শক্তিধর প্রতিপক্ষের বিপক্ষে পরিকল্পনা মাফিক খেলে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার পূর্ণ কৃতিত্বটাও পাচ্ছে তারাই। বার্সেলোনা কোচও স্বীকার করেছেন, ‘যেখানে বার্সার ব্যর্থতা, মালাগার সফলতা সেখানেই।’
গোলের সুযোগ তৈরিতেও কাল ব্যর্থতার পরিচয় দিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ডরা। মেসিকে কাল দারুণ দক্ষতার সঙ্গেই বোতলবন্দী রেখেছিল মালাগার রক্ষণ। ম্যাচটা ‘কঠিন’ হয়ে যাওয়ার মূল কারণ যে মেসির নিষ্ক্রিয়তা, সেটা সরাসরিই বলে দিয়েছেন কোচ লুইস এনরিকে, ‘দেখুন, মেসি বার্সেলোনার খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মেসি ভালো না খেললে আমরাও ভালো খেলি না। মালাগার বিপক্ষে ঠিক এটাই হলো।’
মেসির ব্যর্থতা দলের ওপর কেমন প্রভাব রাখে এনরিকে বিশদ ব্যাখ্যায় গেছেন তারও, ‘আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হলো মাঠে মেসিকে খুঁজে নেওয়া। মেসির সঙ্গে বাকিদের সমন্বয় ঘটলেই আমরা বিপজ্জনক হয়ে উঠি। মেসি নিষ্ক্রিয় হলে পুরো দলের ওপরই তার নিষ্ক্রিয়তার প্রভাব পড়ে।’
মেসি ছাড়াও তো দলে আরও ফরোয়ার্ড ছিলেন। মালাগার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে এনরিকে দুষেছেন তাঁদেরও, ‘সামগ্রিকভাবে এই ম্যাচে ফরোয়ার্ডদের ব্যর্থতা ছিল প্রকট। মালাগার সীমানায় আমরা তো কোনো চাপই সৃষ্টি করতে পারিনি। আসলে এই ম্যাচটা আমরা মোটেও ভালো খেলিনি, যতটা খেলতে পারি, তার ধারেকাছেও ছিল না দলের পারফরম্যান্স। আমাদের এখন নিজেদের পারফরম্যান্সের উন্নতির জন্য কাজ করে যেতে হবে। ভুলগুলো খুব দ্রুতই শুধরে নিতে হবে।’
মেসির সঙ্গে কাল ব্যর্থ ছিলেন নেইমারও। তাঁকে ৬৩ মিনিটের পর আর খেলানোরই প্রয়োজন অনুভব করেননি এনরিকে। একপর্যায়ে উঠিয়ে নিয়েছিলেন পেদ্রোকেও। কিন্তু এই দুই আক্রমণ সেনার বদলে ‘টিনএজ’ মুনির এল হাদ্দাদি ও সান্দ্রোকে নামিয়েও কোনো ফল পাননি তিনি।
ম্যাচটা শেষ পর্যন্ত গোলশূন্য থাকলেও ৭০ মিনিটে খুব বড় বাঁচা বেঁচে যায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে মালাগার ফ্রি-কিকটা তো বার্সার পোস্টে লেগে ফেরত এল। পোস্টে না লাগলে যে কী হতো, সেটা বোধ হয় বলার অপেক্ষা রাখে না।