খুদে ফুটবলারদের কোরিয়া যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেদি হাসানের জন্য অভিজ্ঞতাটা একেবারেই নতুন। সামনে একগাদা ক্যামেরা ও টিভি ক্যামেরা। ঘিরে ধরা সব গণমাধ্যমকর্মী। তবে মাইক্রোফোন হাতে এতটুকু ঘাবড়ায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দলের অধিনায়ক!
কিশোরদের আন্তর্জাতিক ফুটবল উৎসব-এশিয়ান যুব ফুটবল ফিয়েস্তায় অংশ নিতে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ। দলের প্রতিনিধিত্ব করতে পেরে খুবই রোমাঞ্চিত নারায়ণগঞ্জের কিশোর, ‘সিলেটের একাডেমিতে আমরা কঠোর অনুশীলন করেছি। আশা করি সেখানে ভালো করব। অধিনায়ক হিসেবে যাচ্ছি বলে একটু বেশিই ভালো লাগছে আমার।’
আগামী ৭-১০ আগস্ট কোরিয়ার আনসিয়ং শহরে হবে এই ফুটবল উৎসব। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১৫টি দেশ। সেভেন এ সাইড টুর্নামেন্ট, ৩০ মিনিটের খেলা। কোরিয়ায় যাওয়ার পরই নিশ্চিত হবে বাংলাদেশের প্রতিপক্ষ।
খুদে ফুটবলারদের নিয়ে দারুণ আশাবাদী কোচ আনোয়ার পারভেজ, ‘দলটিকে গড়ে তুলতে যা যা প্রয়োজন সবই করার চেষ্টা করেছি। আশা করছি ছেলেরা ভালো করবে।’ কাল বাফুফে ভবনে এ উপলক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।