খুদে ফুটবলারদের জন্যও ট্রেনার
জাতীয় দলের জন্য এর আগে দুজন বিদেশি ট্রেনার আনা হয়েছিল। একজন আর্জেন্টিনার কোলম্যান, অন্যজন হল্যান্ডের জামালি। কোলম্যান কাজ করেছেন তাঁরই স্বদেশি কোচ ডিয়েগো ক্রুসিয়ানির সঙ্গে। জামালির সময় জাতীয় দলের কোচ ছিলেন তাঁরই স্বদেশি লোডভিক ডি ক্রুইফ।
বাফুফে আগে কখনো ছোটদের জন্য বিদেশি কোচ-ট্রেনার আনেনি। এবার সেই কাজটা করছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। নিউজিল্যান্ড থেকে তারা একজন ট্রেনার আনছে। জন হোয়াইট নামের এই ট্রেনারের পদবি হেড অব স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং। তাঁর ঢাকায় আসার সম্ভাব্য তারিখ ৭ জানুয়ারি।
বাফুফে কর্মকর্তারা জানিয়েছেন, মূল জাতীয় দলসহ সব কটি বয়সভিত্তিক দল নিয়েও কাজ করবেন জন হোয়াইট। এ ছাড়া মেয়েদের ফুটবল, বিভিন্ন ক্লাব, জেলার সঙ্গেও তাঁর কাজ করার কথা। বাংলাদেশে ক্লাব, জেলা কোথাও ছোট থেকে ফুটবলার তৈরির প্রক্রিয়ায় ফিটনেসের ব্যাপারটা সেভাবে থাকে না। খেলোয়াড়দের খাদ্যাভ্যাসেও থাকে অনেক গরমিল।
এ কারণেই জাতীয় দলে এসে ফুটবলাররা আর ফিটনেস ধরে রাখতে পারেন না। সম্প্রতি ভুটানের সঙ্গে জাতীয় দলের হারের বড় কারণও ফিটনেসের ঘাটতি। ওই ম্যাচে বাংলাদেশ দলের তিন-চারজন ফুটবলারের দম হারিয়ে যায় প্রথম ৪৫ মিনিটেই। এসব থেকে শিক্ষা নিয়েই এবার লম্বা সময়ের জন্য ফিটনেস ট্রেনার আনার উদ্যোগ বাফুফের। যিনি এখানে কিছু ফিটনেস ট্রেনার তৈরির কাজেও সহায়তা করবেন।