খুন হয়েছেন যে ফুটবলাররা
শনিবার ঘাতকের বুলেটে প্রাণ হারিয়েছেন প্রায় এক যুগ ধরে পানামা জাতীয় ফুটবল দলে খেলা আমিলকার হেনরিকেজ। এমন নৃশংস ও দুঃখজনক ঘটনা এই প্রথম নয়। অতীতে অনেক দেশেই আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন ফুটবলাররা। পানামাতেই তো হেনরিকেজ ছাড়াও ২০১১ সাল থেকে খুন হয়েছেন আরও তিন ফুটবলার।
আততায়ীর হাতে নিহত ফুটবলারদের মধ্যে দেশের জার্সি গায়ে খেলা ৫ ফুটবলারকে আলাদা করেই আমাদের আজকের এই প্রতিবেদন...

লুতজ এইজেনডর্ফ
সাবেক পূর্ব জার্মানির ফুটবলার ছিলেন এইজেনডর্ফ। সত্তরের দশকে অত্যন্ত প্রতিভাবান ফুটবলার হিসেবে পরিচিতি পান। পূর্ব জার্মান জাতীয় দলের হয়েও খেলেন। তবে এইজেনবার্গ ছিলেন ঠোঁটকাটা ধরনের। চোখের সামনে ঘটা অসামঞ্জস্যপূর্ণ ঘটনাগুলো নিয়ে সমালোচনায় মুখর হতেন। সত্তরের দশকে পূর্ব জার্মান সরকারের অনেক সমালোচনা তিনি করেছেন। সেই সময়ের বিচারে যেটা ছিল রীতিমতো দুঃসাহস। ১৯৮৩ সালে মাত্র ২৬ বছর বয়সে হঠাৎই এক রহস্যজনক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দীর্ঘদিন ব্যাপারটি নিয়ে কথা তোলার সাহস হয়নি কারওরই। ১৯৯০ সালের অক্টোবরে দুই জার্মানি এক হয়ে গেলে জার্মান সরকার ঘটনাটি তদন্ত করে চাঞ্চল্যকর তথ্য বের করে। দেখা যায় এইজেনডর্ফকে হত্যা করেছিল পূর্ব জার্মানির কুখ্যাত গোয়েন্দা সংস্থা স্তাসি—রাষ্ট্রের হাতে জাতীয় দলের ফুটবলার খুন! পূর্ব জার্মানির হয়ে ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এইজেনডর্ফ।

আন্দ্রেস এসকোবার
১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ফেবারিট হিসেবে খেলতে গিয়েছিল কলম্বিয়া। কিন্তু তাদের ফিরতে হয় শূন্য হাতে। সোনালি প্রজন্মের ফুটবলাররা হয়েছিলেন চরমভাবে ব্যর্থ। ভালদেরামো, রেনে হিগুইতা, অ্যাসপ্রিলা, এসকোবারদের কলম্বিয়া বিদায় নিয়েছিল বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই। প্রথম ম্যাচে রোমানিয়ার কাছে ৩-১ গোলে হেরে যায় তারা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিল ২-১ গোলে। এই ম্যাচের ৩৫ মিনিটে এসকোবারের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল তাঁর দল। সেই আত্মঘাতী গোলের মাশুল হিসেবে যে কলম্বিয়ান তারকাকে জীবন দিয়ে দিতে হবে, সেটা কে ভেবেছিল! দেশে ফেরার পর নিজ শহর মেদালিনের একটি নৈশ ক্লাব থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় তাঁকে গুলি করে হত্যা করা হয়। প্রিয় তারকার শেষকৃত্যে হাজির ছিলেন ১২ হাজারের বেশি মানুষ। এসকোবারের মৃত্যু কলম্বিয়ান ফুটবলে খুব বড় প্রভাব রেখে যায়। ১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত কলম্বিয়ার জার্সি গায়ে ৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এসকোবার।

সেনজো মেইওয়া
২০১৩ সালে লেসোথোর বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন মেইওয়া। খুব বেশি দিন খেলেননি। ‘বাফানা-বাফানা’দের হয়ে মাত্র ৭টি আন্তর্জাতিক ম্যাচে নেমেছেন। ২০১৪ সালের ২৬ অক্টোবর জোহানেসবার্গে তাঁর বান্ধবীর বাড়িতে ডাকাতির সময় গুলিতে নিহত হন তিনি। জাতীয় দলের গোলকিপারের মৃত্যু দক্ষিণ আফ্রিকার বড় শহরগুলোতে অপরাধের প্রবণতাকে সামনে নিয়ে আসে।

লুসিয়ানো রি সেক্কোনি
সত্তরের দশকে ইতালি জাতীয় দল ও লাৎসিওর জনপ্রিয় ফুটবলার এই রি সেক্কোনি। দেশের হয়ে খুব বেশি খেলা হয়নি—মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ। ১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইতালি স্কোয়াডে থাকলেও একটা ম্যাচও খেলা হয়নি। লাৎসিও ক্লাবে তাঁকে ডাকা হতো ‘ব্লন্ড অ্যাঞ্জেল’ নামে। সেক্কোনির মৃত্যুটা খুবই দুঃখজনক ও চরম দুর্ভাগ্যজনক। খুব রসিক খেলোয়াড় ছিলেন সেক্কোনি। অনেক সময় রসিকতা সীমা ছাড়িয়ে যেত। ঠিক এ ধরনেরই একটা রসিকতায় মৃত্যুকে কাছে ডাকেন তিনি। বন্ধুদের মজা দেখাতে একটা সোনার দোকান লুট করার অভিনয় করতে গিয়েই গুলি খান।

আলফ্রেদো পাচেকো
২০০২ থেকে ২০১৩ সাল—দেশের হয়ে ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাচেকো। এল সালভাদরের হয়ে এটি রেকর্ড। তবে ক্যারিয়ারটাকে আরও বড় করতে পারেননি ম্যাচ পাতানোর কেলেঙ্কারিতে জড়িয়ে। ২০১৩ সালের সেপ্টেম্বরে ম্যাচ পাতানোর অভিযোগে আজীবন নিষিদ্ধ হন। মৃত্যুর আগে স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে বাস করতেন। কিন্তু মৃত্যু তাঁকে টেনে নিয়ে এসেছিল নিজের দেশে। ২০১৫ সালের ২৭ ডিসেম্বর এল সালভাদর সানটা আনায় একটি গ্যাস স্টেশনে আততায়ীর গুলিতে নিহত হন পাচেকো।