খেপেছেন জিদান, বিরক্ত রোনালদোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা শুরু আজ থেকে, ক্রিস্টিয়ানো রোনালদোর না খেলাটা নিশ্চিত। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে লুকা মডরিচ (ডানে) ফিরতে পারেন মাঠে। কাল বার্নাব্যুতে রিয়ালের অনুশীলনে l এএফপি
পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা শুরু আজ থেকে, ক্রিস্টিয়ানো রোনালদোর না খেলাটা নিশ্চিত। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে লুকা মডরিচ (ডানে) ফিরতে পারেন মাঠে। কাল বার্নাব্যুতে রিয়ালের অনুশীলনে l এএফপি

অনুশীলনে তিনিও এলেন সবার সঙ্গেই। যদিও এর অনেক আগেই জানা হয়ে গেছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে তাঁকে। যে নিষেধাজ্ঞার কারণে ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে পারবেন না আজ বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে। সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন। কিন্তু খেলতে পারবেন না ভেবে ভেতরে ভেতরে যে পর্তুগিজ উইঙ্গার ফুঁসছেন, তা কি বলে দিতে হয়!

রিয়াল মাদ্রিদ কোচ অবশ্য বলেই দিলেন। অনুশীলনের পর সংবাদমাধ্যমের সামনে এসে উগরে দিলেন নিজের ও রোনালদোর ক্ষোভটা, ‘আমরা খুবই বিরক্ত। যা কিছু হয়েছে এবং এরপর যখন চিন্তা করছি যে, রোনালদোকে আমরা পাঁচ ম্যাচ পাব না, খুবই রাগ লাগছে। রোনালদোও বিরক্ত। ও সব সময় খেলতে চায় এবং যখন সে খেলতে পারে না, খুব একটা খুশি থাকে না।’

জিদান
জিদান

এমনিতেই রোনালদোর মতো একজনের না থাকাটা বড় ব্যাপার। তার ওপর যে কারণে রোনালদো নিষিদ্ধ হলেন, সেটার শুরুও হয়েছে রেফারির একটা বিতর্কিত সিদ্ধান্তে। জিদানের খ্যাপার কারণ আছে বৈকি! রিয়াল অবশ্য এরই মধ্যে আপিলের প্রস্তুতি নিয়েছে। অন্তত লাল কার্ডের জন্য পাওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞা বাতিলের চেষ্টা করবে তারা। সম্ভব হলে সেটা আজকের ম্যাচের আগেই। রিয়াল ডিফেন্ডার দানি কারভাহালও বললেন, ‘ক্রিস্টিয়ানোর নিষেধাজ্ঞাটা বাড়াবাড়ি হয়ে গেছে। ওর জন্য এটা খুবই হতাশাজনক। আশা করছি, আপিল কমিটি ওর নিষেধাজ্ঞা কয়েক ম্যাচ কমিয়ে দেবে।’

তবে শেষ পর্যন্ত যদি রোনালদোর নিষেধাজ্ঞা না-ও কমে, বার্সার বিপক্ষে এই ম্যাচ নিয়ে মনে হয় না জিদান খুব একটা দুশ্চিন্তায় থাকবেন। রিয়ালের রোনালদো-নির্ভরতা তো কিছুটা হলেও কমেছে গত কিছুদিনে। গত মৌসুমের শেষ দিক থেকেই তাঁকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলাচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ জিদান। তাতে দুটি লাভ হয়েছে। সতেজ হয়ে ফিরে রোনালদো দেখা দিচ্ছেন আরও ভয়ংকর রূপে। আর তাঁর জায়গায় যাঁরা সুযোগ পাচ্ছেন, তাঁরাও নিজেদের প্রমাণের জন্য উজাড় করে দিচ্ছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে উয়েফা সুপার কাপেও মাত্র মিনিট পনেরো খেলেছেন রোনালদো। গত রোববার ন্যু ক্যাম্পে সুপার কাপের প্রথম লেগে মাঠে ছিলেন ২৪ মিনিটের মতো। যে ম্যাচটা ৩-১ গোলে জিতে এসেছে রিয়াল। নিজেদের মাঠে ফিরতি লেগ নিয়ে এত দুশ্চিন্তার কী আছে!
এমন নয় যে, বার্সেলোনার পক্ষে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানো অসম্ভব। একজন লিওনেল মেসি যে দলে খেলেন, তাদের পক্ষে অসম্ভব বলে কিছু নেই। তবে সে জন্য মনোবলটাও যথেষ্ট চাঙা হতে হয়। কিন্তু নেইমারের পিএসজিতে চলে যাওয়া, কুতিনহো-ডেমবেলেকে নিয়ে লিভারপুল-ডর্টমুন্ডের সঙ্গে টানাহেঁচড়া, এরপর প্রথম লেগে ওই হারের পর বার্সেলোনার মনোবল আসলেই কি এত চাঙা? ইতিহাসও খুব একটা পক্ষে নেই কাতালানদের। ঘরের মাঠে প্রথম লেগ হেরেও স্প্যানিশ সুপার কাপ জেতার সর্বশেষ ঘটনা ১৩ বছর আগের। ২০০৪ সালে জারাগোজা নিজেদের মাঠে ১-০ গোলে হেরে ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে জিতেছিল ৩-১ গোলে।

বার্সেলোনার কাজটা আরও কঠিন মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত ফর্মের কারণে। বলতে গেলে রোনালদোকে ছাড়াই ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছে জিদানের দল। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগেও নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি রিয়ালের মাঝমাঠের প্রাণ লুকা মডরিচ। কিন্তু ইসকো-কোভাচিচ-আসেনসিও-ক্রুসরা সেটা বুঝতেই দেননি। একদিকে বেঞ্চের খেলোয়াড়েরা একাদশে সুযোগ পেয়ে জিনেদিন জিদানকে মধুর সমস্যায় ফেলে দিচ্ছেন, অন্যদিকে বার্সেলোনা কোচ আরনেস্তো ভালভার্দের ঘাম ঝরে যাচ্ছে নেইমারের বিকল্প খুঁজে পেতেই!

সব মিলিয়ে প্রথম লেগ শেষে বার্সা মিডফিল্ডার সার্জিও বুসকেটসের কথাটাই মনে হচ্ছে সবচেয়ে বাস্তব, ‘ওরা (রিয়াল মাদ্রিদ) আমাদের জন্য কাজটা কঠিন করে দিয়েছে। প্রায় অসম্ভব।’

বার্সেলোনা কি পারবে সেই অসম্ভবকে সম্ভব করতে? মার্কা, গোল।