
পরশু মাঠে নেমেই পর্তুগালের জার্সিতে একটা রেকর্ড করে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তবে যুগ্মভাবে। লুইস ফিগোর সঙ্গে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা হয়ে গেল তাঁর। কিন্তু রেকর্ডটা উদ্যাপন করতে পারলেন না সানন্দে। আইসল্যান্ডের ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল!
নানির গোলে পর্তুগাল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে বিরকির বায়ার্ডনাসনের গোলে ম্যাচে ফেরে আইসল্যান্ড। অনেক চেষ্টা করেও গোল পাননি রোনালদো। ম্যাচের পর রোনালদো তাই সব হতাশা ও ক্ষোভ উগরে দিতে তোপ দাগলেন প্রতিপক্ষকে, ‘পোস্টের সামনে আইসল্যান্ড বাস পার্ক করে রেখেছিল। শুধু আক্রমণ ঠেকিয়ে গেছে। দুটো সুযোগ পেয়ে একটি গোল করেছে। ওরা ভাগ্যবান।’
শক্তিশালী প্রতিপক্ষের সামনে রক্ষণকেই মূল মন্ত্র হিসেবে নিয়েছিল আইসল্যান্ড। তাদের রক্ষণের সামনে মাথা কুটে মরেছে পর্তুগাল। গোলে ২৪টি শট নিয়েছে পর্তুগিজরা, রোনালদোর একারই ছিল ১০টি! তাতেও কোনো কাজ হয়নি। রোনালদোর চোখে আইসল্যান্ড খেলার চেষ্টাই করেনি, ‘আমরা হতাশ। ওরা খেলতেই চায়নি। এটি সংকীর্ণ মানসিকতা। আমার মনে হয় এ কারণেই প্রতিযোগিতায় ওরা বেশি দূর যেতে পারবে না।’
আইসল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসন অবশ্য নিজের দলের খেলায় দারুণ খুশি। তাঁর খেলোয়াড়েরা যে রোনালদোকে বোতলবন্দী করে রেখেছে পুরো ম্যাচে, ‘রক্ষণে আমরা দারুণ করেছি। দল হিসেবে খেলেছি। আপনি শুধু একজন খেলোয়াড়ের কাঁধে রোনালদোকে আটকানোর চাপ ফেলতে পারেন না। সেটি অন্যায় হতো। আমরা তাই সবাই মিলে সেটা করেছি।’
পরশু রোনালদোকে আটকে রাখার মূল কাজটি করেছেন কাউরি আওয়ারনাসন ও রাগনার সিগার্ডসন। পর্তুগিজ অধিনায়কের কথার জবাব দেওয়ার দায়িত্বটাও নিজের কাঁধে নিয়েছেন আওয়ারনাসন, ‘সে একজন ছিঁচকাঁদুনে। সে হারতে চায়নি ঠিক আছে, কিন্তু সে কি চেয়েছিল আমরা বার্সেলোনার মতো খেলব? সে শুধু উল্টোপাল্টা কথা বলে আর ডাইভ দিয়ে বেড়ায়।’
আওয়ারনাসন বরং মনে করেন ম্যাচটা তাঁদেরই জেতা উচিত ছিল, ‘অবশ্যই আমরা আন্ডারডগ ছিলাম। খেলেছিও আন্ডারডগের মতো। কিন্তু ভাগ্য পাশে ছিল না বলে ম্যাচটা জিততে পারিনি।’ এএফপি।