খেলতে গিয়ে সেনা অভ্যুত্থান দেখেছে মরক্কো

গিনিতে অভ্যুত্থান হয়েছে কালছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ বাছাইপর্ব মাত্র শুরু হলো মরক্কোর। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘আই’য়ের ফেবারিট দল গত ২ সেপ্টেম্বর ঘরের মাঠে সুদানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাছাইয়ের। আজ বাছাইপর্বে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার আশা করছিল দেশটি। বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে গিনিতে গিয়েছিল তারা। কোথায় ম্যাচ কোথায় কী! গিনিতে গিয়ে এখন সামরিক অভ্যুত্থানের সাক্ষী হয়ে বসেছে পুরো মরক্কো দল। শেষ খবর পাওয়া পর্যন্ত বিপদকে পাশ কাটিয়ে তারা দেশে ফিরতে পেরেছে।

গ্রুপ ‘আই’য়ের শীর্ষ দুই দল মরক্কো ও গিনি। ঘরের মাঠে খেলা বলে গিনি মরক্কোর বড় পরীক্ষা নেবে বলেই মনে হচ্ছিল। কিন্তু সোমবারের সে ম্যাচ এখন কবে হবে, সেটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। কিন্তু গিনির রাজধানী কনাক্রিতে অভ্যুত্থান শুরু করেছে দেশটির সেনাবাহিনীর সদস্যরা।

মরক্কো দল
ছবি: সুদান

এ ঘটনার পর ম্যাচ স্থগিতের ঘোষণা এসেছে। ফিফা আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘গিনির বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি খুবই অস্থির এবং ফিফা ও সিএএফ (কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল) সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সব খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে, ফিফা ও সিএএফ ৬ সেপ্টেম্বরের ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ম্যাচ কবে আয়োজিত হবে সেটি পরে জানানো হবে।’

মরক্কো দলে পিএসজি তারকা আশরাফ হাকিমি ছাড়াও ইংলিশ লিগের রোমান সেস, অ্যাডাম ম্যাসিনা ও ইমরান লুজা আছেন। মরক্কো দলের কোচ ভাহিদ হালিহোজিচ ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লে’কিপকে জানিয়েছিলেন, ‘আমরা হোটেলে আছি। সেখান থেকে সারা দিন গুলির শব্দ শোনা গেছে। আমরা বিমানবন্দরে যাওয়ার জন্য অনুমতির অপেক্ষায় আছি কিন্তু আপাতত আটকে পড়ে আছি। আমাদের জন্য একটি উড়োজাহাজ প্রস্তুত আছে। কিন্তু আমাদের বের হতে দেওয়া হচ্ছে না। বিমানবন্দরে যেতে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টার মতো লাগে। আপনি যখন বাইরে গুলির শব্দ শুনবেন, তখন শতভাগ নিরাপত্তার ব্যাপারে কখনো নিশ্চিত হওয়া যায় না।’

এই অবস্থায় খেলা নয়, নিরাপদে গিনি ছাড়তে পারলেই খুশি হতেন মরক্কো কোচ, ‘আমাকে বলা হয়েছে, এই ম্যাচ মরক্কোয় হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু আমি জানি না। আপাতত এখানে আটকে আছি, দেখা যাক কী হয়। আমরা অপেক্ষা করছি। আশা করি, দিন শেষ হওয়ার আগে মরক্কোয় ফিরতে পারব।’ তাঁর অপেক্ষার অবসান হয়েছে। দেশে ফিরতে পেরেছে মরক্কো দল।

গত অক্টোবরে তৃতীয়বারের মতো গিনির প্রেসিডেন্ট হয়েছেন আলফা কন্দ। দেশটির সংবিধানের নিয়ম পাল্টে সবার প্রতিবাদের মুখেই নির্বাচনে জয়ী হয়ে এসেছেন কন্দ। গতকাল সৈন্যরা অভ্যুত্থান করে জাতীয় টেলিভিশনে জানিয়ে দিয়েছে, তারা সরকারের পতন ঘটিয়েছে এবং দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছে। যদিও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আলফা কন্দের প্রাসাদে ক্ষমতা দখলের চেষ্টা ব্যর্থ হয়েছে।’ যদিও অসমর্থিত কিছু সূত্রের দেওয়া ভিডিওতে দেখা গেছে, স্পেশাল ফোর্সের সৈন্যের হাতে আটক হয়েছেন প্রেসিডেন্ট আলফা কন্দ।