খেলতে চেয়ে গুয়ামে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে ল্যান্ডন ডনোভানের দ্বারস্থ হয়েছিলেন গুয়ামের ফুটবলাররা। কোনো টোটকার জন্য নয়, যুক্তরাষ্ট্রের ফুটবল কিংবদন্তিকে তাঁদের কোচ হতে অনুরোধ করেছেন গুয়ামের ফুটবলাররা!

এখনো কোচিং লাইসেন্স পাননি ডনোভান, মাত্রই সেটা পাওয়ার জন্য কাজ শুরু করেছেন। কিন্তু তাঁকে এত পছন্দ কেন গুয়ামের? উদ্দেশ্য যতটা না ফুটবল-সংক্রান্ত, তার চেয়েও বেশি আর্থিক। ডনোভান কোচ হলে গুয়ামের জাতীয় দলে স্পনসর আসবে, আর স্পনসর মানেই টাকা! এ মুহূর্তে সেটিই বড় দরকার যুক্তরাষ্ট্রের অধীন প্রশান্ত মহাসাগরের মধ্যে বিন্দুর মতো দ্বীপদেশটির ফুটবলে। অর্থের অভাবেই যে এশিয়ান কাপ বাছাইপর্বের চূড়ান্ত পর্বে উঠেও না খেলার সিদ্ধান্ত নিয়েছে গুয়ামের ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। আর এতে ফুঁসে উঠেছেন ফুটবলাররা।

গত মাসের শেষ দিকে জিএফএ জানিয়ে দিয়েছিল, বাছাইয়ের চূড়ান্ত পর্বে আর খেলতে পারবে না দল। কারণ ‘এতে সংগঠনটির আর্থিক সংগতিতে ভবিষ্যতে চাপ পড়বে।’ এ বছর শুরু হবে চূড়ান্ত পর্ব, চলবে ২০১৮ পর্যন্ত। জিএফএ সভাপতি রিচার্ড কে লাইয়ের হিসাব, এত এত ম্যাচ খেলতে প্রায় ১২ লাখ ডলার পকেট থেকে বেরিয়ে যাবে। এরই মধ্যে প্রাথমিক পর্বের বাছাইয়ের ম্যাচ খেলতেই খরচ হয়েছে ১৫ লাখ ডলার!

তা হোক। ১ লাখ ৭০ হাজার মানুষের ছোট্ট দেশের ফুটবলাররা সেটির প্রতিদান কিন্তু দিয়েছেন। ভারত ও তুর্কমেনিস্তানের মতো ধারে-ভারে এগিয়ে থাকা দলগুলোকে হারিয়ে দিয়েছে র‍্যাঙ্কিংয়ে ১৮২তম দলটি! এখন চূড়ান্ত বাছাই পেরোতে পারলেই ২০১৯ এশিয়ান কাপ—এত কাছে এসে তাই হার মানতে রাজি নন ফুটবলাররা। তাঁরা ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন। অধিনায়ক জেসন কুনলিফ বলেছেন, ‘(বাছাইয়ে না খেলতে দিলে) আমরা আর জাতীয় দলে খেলব না। খেলোয়াড়েরা হতাশ। খেলাটার সম্পর্কে কিছুই জানে না, এমন কিছু লোক গুয়ামের ফুটবল নিয়ে বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন।’

ফেডারেশনকে বিবেচক হতে বলছেন কুনলিফ, ‘নিজের অঞ্চলের সবচেয়ে বড় টুর্নামেন্টে জাতীয় দল খেলবে, সেটাই লক্ষ্য হওয়া উচিত। তেমন সুযোগ এলে সেটি থেকে দূরে সরে যাওয়া নয়।’ এএফপি।