খেলল পিএসজি, জিতল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর নাচো, উদ্‌যাপনের সঙ্গী ক্রিস্টিয়ানো রোনালদো। কাল সান্তিয়াগো বার্নাব্যুতে l রয়টার্স
গোলের পর নাচো, উদ্‌যাপনের সঙ্গী ক্রিস্টিয়ানো রোনালদো। কাল সান্তিয়াগো বার্নাব্যুতে l রয়টার্স

ম্যাচের ৩৫ মিনিট। টনি ক্রুসের শটটা প্যারিস সেন্ট-জার্মেই ডিফেন্ডারের গায়ে লেগে চলে যাচ্ছিল মাঠের বাইরে। গোলরক্ষক কেভিন ট্র্যাপ বেরিয়ে এসেছিলেন বলটি ধরতে, কিন্তু তাঁর আগেই বলটা পেয়ে গেলেন বক্সের বাঁ প্রান্তে দাঁড়ানো নাচো ফার্নান্দেজ। ক্রসই হয়তো করতে চেয়েছিলেন রিয়াল মাদ্রিদের লেফটব্যাক। কিন্তু বলটি আশ্চর্য বাঁক নিয়ে ঢুকে গেল জালে, যেন শেন ওয়ার্নের মায়াবী লেগ স্পিন। পিএসজি ডিফেন্ডাররা তো হতবাক, নাচো নিজেও কম নন! এই আশ্চর্য গোলেই পরশু চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজিকে হারাল রিয়াল মাদ্রিদ, নিশ্চিত করল দ্বিতীয় রাউন্ডও।
একই ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ওয়েইন রুনির রেকর্ড গড়া গোলে ঘরের মাঠে সিএসকেএ মস্কোকে হারিয়েছে রেড ডেভিলরা। ইউনাইটেডের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির অবশ্য গোলের জন্য এই হাপিত্যেশ ছিল না। সেভিয়ার মাঠে সিটিজেনরা জিতেছে ৩-১ গোলে। রিয়ালের মতো সিটিও উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে।
অ্যাঙ্গেল ডি মারিয়ার বার্নাব্যু-প্রত্যাবর্তনের ম্যাচটা শেষ হলো হতাশাতেই। আর্জেন্টাইন উইঙ্গার খেলেছেন দুর্দান্ত, দুবার গোলের খুব কাছে গিয়েও অবশ্য ফিরতে হলো খালি হাতে। তাঁর দলও খেলেছে অসাধারণ। তবে ভালো খেলাটা আর গোলে অনূদিত হয়নি। শেষ পর্যন্ত নাচোর অদ্ভুতুড়ে গোলটিতেই হার মেনে নিতে হলো। পিএসজি কোচ লরাঁ ব্লাঁ ম্যাচ শেষে অবশ্য নিজের দলেরই প্রশংসাই করেছেন, ‘রিয়াল মাদ্রিদ একটা হাফ চান্স থেকে গোল করেছে। আমরা নিজেদের আকাঙ্ক্ষাটা খেলায় দেখিয়েছি, দলের সমন্বয়ের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যও ছিল দারুণ।’
জয় পেয়েও রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ অমন উচ্চকিত হতে পারছেন না। প্যারিসে আগের ম্যাচে দল খেলেছে ঘুমপাড়ানি ফুটবল, এ ম্যাচেও ছিল ‘দ্বিতীয় সেরা’। একপর্যায়ে তো সমর্থকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছে। তবে বেনিতেজ আপাতত খুশি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হওয়াতেই, ‘পিএসজির মতো শক্ত দলের সঙ্গে খেলেছি। জিতেছি, লড়াই করেছি। এবং কোনো গোল না খেয়েই গ্রুপে প্রথম আমরা, যেটি শক্ত প্রতিপক্ষের বিপক্ষে একটা ইতিবাচক দিক।’
ইতিবাচক দিক খুঁজে পাবেন ইউনাইটেড কোচ লুই ফন গালও। দল জিতেছে, সেই উচ্ছ্বাস তো আছেই। তবে ডাচ কোচের বুক থেকে একটা পাথরই হয়তো গড়িয়ে পড়েছে ওয়েইন রুনির গোলে। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৭৯ মিনিটে হেসে লিনগার্ডের ক্রসে মাথা ছুঁইয়ে ৪০৪ মিনিটের অপেক্ষার অবসান ঘটিয়েছেন ইংলিশ স্ট্রাইকার। ওই এক গোলই তাঁকে নিয়ে গেছে রেকর্ড বইতে! ২৩৭ গোল করে ডেনিস লর সঙ্গে ইউনাইটেডের সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে রুনি। স্যার ববি চার্লটনকে সরিয়ে চূড়ায় উঠতে দরকার আরও ১৩ গোল।
অনেক দিন পর গোল, তাতে একটা রেকর্ডও। তবু ম্যাচ শেষে ‘ডেনিস লর মতো কিংবদন্তির পাশে বসতে পেরে গর্বিত’—রুনির প্রতিক্রিয়াটা একটু যেন পানসেই লাগল। নাকি একেবারে চূড়ায় না ওঠা পর্যন্ত উচ্ছ্বাসটা চেপে রাখছেন ইংল্যান্ড জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা?
ম্যানচেস্টার সিটিরও হলো একটা ছোট্ট রেকর্ড। এই প্রথম কোনো দল ইউরোপিয়ান প্রতিযোগিতায় সেভিয়ার মাঠে গিয়ে ৩ গোল দিল! শুরুর ১১ মিনিটেই স্টার্লিং ও ফার্নান্দিনহোর গোলে সিটির এগিয়ে যাওয়া। ইংলিশ ক্লাবটির হয়ে উইলফ্রায়েড বোনির তৃতীয় গোলটির আগে ২৫ মিনিটে সেভিয়ার হয়ে এক গোল শোধ করেন ট্রেমলিনাস।
ম্যাচটি তর্কযোগ্যভাবে চ্যাম্পিয়নস লিগে সিটির সবচেয়ে সেরা। ‘ইউরোপে কিছু করতে পারে না’—এই অপবাদ তাহলে মুছতে চলেছে সিটিজেনরা? এএফপি, রয়টার্স।

এক নজরে ফল
আস্তানা ০ : ০ অ্যাটলেটিকো
রিয়াল মাদ্রিদ ১ : ০ পিএসজি
শাখতার ৪ : ০ মালমো
ম্যান ইউনাইটেড ১ : ০ সিএসকেএ
পিএসভি ২ : ০ ভলফসবুর্গ
বেনফিকা ২ : ১ গ্যালাতাসারাই
ম’গ্লাডবাখ ১ : ১ জুভেন্টাস
সেভিয়া ১ : ৩ ম্যান সিটি
* প্রথমে স্বাগতিক দল