খেলা ছাপিয়ে আলোচনায় নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ম্যাচটা যেন আড়ালেই ঢাকা পড়ে আছে! ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ। হোক অসম লড়াই, কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের এ ম্যাচ নিয়ে আলোচনা কই!
আলোচনা অবশ্য আছে, তবে তা নিরাপত্তা নিয়ে। গত কয়েক দিনে নিরাপত্তার ডামাডোল বাফুফে ভবন ছাপিয়ে উপচে পড়েছে সচিবালয়েও। রোববার অস্ট্রেলিয়ার দুই নিরাপত্তা কর্মকর্তা সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে। ওই দিনই অস্ট্রেলিয়ার দুই প্রতিনিধি নিশ্চিত করেন, ১৪ নভেম্বর নির্ধারিত সময়েই ঢাকা আসবে অস্ট্রেলিয়া ফুটবল দল।
অস্ট্রেলিয়া যখন আসছেই, নিরাপত্তা-বিষয়ক আলোচনায় দাঁড়িই পড়ার কথা। তবে আলোচনাটা শেষ হয়নি। ফিফার নিরাপত্তা কর্মকর্তা ফন রি ভিলমাস ঢাকায় এসে কাল সচিবালয়ে সভা করেন। যে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, র্যাবের মহাপরিচালক এবং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ছিলেন। ফিফার প্রতিনিধি সভায় বলেন, তিনি কোনো নির্দেশনা দিতে আসেননি। শুধু জানতে এসেছেন অস্ট্রেলিয়ার জন্য কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে গৃহীত ব্যবস্থার আদ্যোপান্ত শুনে সন্তুষ্টিই প্রকাশ করেছেন বলে বাফুফের কর্মকর্তারা জানালেন।
কাজী সালাউদ্দিন তাই খুশি। ম্যাচটা ঠিকঠাক আয়োজনেরও আশাবাদ রাখলেন, ‘হাই প্রোফাইল ম্যাচটার সঙ্গে আমাদের সরকারও যুক্ত হয়ে গেছে। আমরা এর আগে আর্জেন্টিনার মতো দলকে এনেছি। সব নিরাপত্তাই দিয়েছি। কাজেই অস্ট্রেলিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে ম্যাচটা ভালোভাবে শেষ করতে চাই।’
নিরাপত্তার ব্যাপারটি সরেজমিনে দেখতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলটি ম্যাচ ভেন্যু, অনুশীলন মাঠে গিয়েছে। পরশু বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বরে পা রেখেই অবশ্য তাঁদের চোখ ছানাবড়া। দোকানের সারি, গাড়ি, ছিন্নমূল মানুষ আর নানা রকম হকার দেখে ভাবলেন এ কোথায় এসে পড়লেন! একজন তো জিজ্ঞেসই করে বসলেন, স্টেডিয়াম কোথায়! পরে দোকান সাম্রাজ্য পেরিয়ে স্টেডিয়ামের ভেতরে নেওয়ার পর বুঝলেন, সত্যিই এটা স্টেডিয়াম এবং এখানে একটা মাঠ আছে। সব দেখে নিরাপত্তাব্যবস্থা নিয়ে জানালেন নিজেদের সন্তুষ্টিই।
প্রতিনিধিদলটি অস্ট্রেলিয়ার অনুশীলনের জন্য নির্ধারিত শেখ জামাল ধানমন্ডি মাঠেও গিয়েছে, যে মাঠটা আসলে একটু খোলামেলা। এ নিয়ে আপত্তি না তুললেও খোলামেলার ব্যাপারটা তাঁরা নজরে আনেন বাফুফের। সেই অনুযায়ী সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে।