মাঝ রাতে গলা ভেজাতে যাওয়ায়...

করোনাভাইরাসের উৎপত্তি চীনের উহান থেকে। দেশটিতে এ ভাইরাস মহামারি হয়ে ছড়িয়ে পড়ার আঘাত হেনেছে গোটা বিশ্বে। প্রায় ১ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছে দেশটিতে। সংখ্যাটা যেন আর না বাড়ে তা নিশ্চিত করতে কী কঠোর যুদ্ধই না করে যাচ্ছে চীন। কিন্তু দেশটির অনূর্ধ্ব-১৯ দলের কয়েক ফুটবলার যেন তা পাত্তাই দিলেন না!
মহামারি থেকে বাঁচতে চলাচল এবং জীবনব্যবস্থায় আরোপিত বিধিনিষেধ এখনো বলবৎ রেখেছে চীন। এর মধ্যে দেশটির অনূর্ধ্ব-১৯ দলের ছয় ফুটবলারের সাধ হয়েছিল মাঝরাতে অনুশীলন ক্যাম্প ছেড়ে একটু পানশালায় যাওয়ায়। একটু গলা ভেজানোর। গলা ভিজেছে বটে, তবে সেই গলা এখন শুকিয়ে কাঠ। কার্ফূর নিয়ম ভাঙায় ছয় ফুটবলারকে যে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে চায়নিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)।
সিএফএর এক কর্মকর্তাে উদ্ধৃতি প্রকাশ করেছে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া, 'দলের মহামারি নিয়ন্ত্রণ আইনের ভয়াবহ লঙ্ঘন করেছে তারা। গোটা দলের ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে।' ছয় ফুটবলারকে নিষিদ্ধের খবর নিশ্চিত করেছে সিএফএ।
৩০ নভেম্বর পর্যন্ত বসে থাকতে হবে এ ছয় ফুটবলারকে। চীনের তৃতীয় বিভাগে ফুটবলারদের খেলিয়ে অলিম্পিকের জন্য ফুটবলারদের প্রস্তুত করার কথা ভাবছিল চীন। নিজ নিজ ক্লাবের পক্ষ থেকেও শাস্তি পাবেন তারা। চীনে পেশাদার ফুটবলারদের কোনো সংগঠন না থাকায় খেলোয়াড়দের আপিল করার সুযোগ নেই।