খেলা থামিয়ে সকারের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একপর্যায়ে খেলা বন্ধ রেখেছিল ফেনী সকার। ছবি: সৌরভ দাশ
একপর্যায়ে খেলা বন্ধ রেখেছিল ফেনী সকার। ছবি: সৌরভ দাশ

অবনমন অঞ্চলে থাকা ফেনী সকারের জন্য আজকের ম্যাচটিও সুখকর হলো না। শেখ জামালের সঙ্গে এগিয়ে গিয়েও হেরে গেছে ২-১ গোলে। দশ ম্যাচ ধরে জয়ের মুখ দেখেছে না সকার। ১৬ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা দলটির অবনমন শঙ্কা আরও জোরালো হলো।

২৫ মিনিটে সকারের হিমুর গোলে এগিয়ে যায় দল। ৪৫ মিনিটে এমেকার গোলে সমতা ফেরায় শেখ জামাল। ৭৬ মিনিটে জামালের এমেকার বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজাতে বাজাতেও আর বাজাননি রেফারি। এই ফাঁকে এককভাবে বল নিয়ে বক্সে ঢুকে গড়ানো শটে ২-১ করলেন ল্যান্ডিং। ফাউল না দেওয়ার প্রতিবাদ করল সকার, খেলবে না বলে মাঠের এক পাশে অবস্থানও নিল। মিনিট চারেক পরই অবশ্য ফিরেছে খেলায়।
এই হারের জন্য সকারের কোচ লাডিবাবা লোলার কাঠগড়ায় রেফারি ভারত চন্দ্র গৌড়। এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচের পর লাডি সব দায় দিয়েছেন রেফারিকে,‌ ‘এই ধরনের ফাউলেও রেফারি বাঁশি বাজাননি, বাঁশি মুখে নিয়েও ফিরিয়ে নিলেন। যে কারণে গোলটি হয়েছে। রেফারি বাঁশি না বাজালে কী করার আছে! রেফারিই আমাদের হারিয়ে দিলেন।’
শেখ জামালের অবশ্য এসব নিয়ে ভাবতে বয়েই গেছে। চট্টগ্রামে চার ম্যাচে তৃতীয় জয় পেয়ে খুব খুশি শেখ জামাল। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে গোলগড়ে আপাতত আছে দুইয়ে গত দুবারের চ্যাম্পিয়নরা।