মহাদেশীয় প্রতিযোগিতা আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে শেষ ষোলোর চারটি ম্যাচ হয়ে গেছে। আজ ও আগামীকাল হবে এই পর্বের বাকি চার ম্যাচ। এর মধ্যে গতকাল এক ভয়ংকর দুর্ঘটনার জন্ম দিল এই টুর্নামেন্ট। শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ক্যামেরুন ও এই প্রথম নেশনস কাপ খেলতে যাওয়া কমোরোস। ম্যাচ দেখতে গিয়ে কমপক্ষে ছয়জন দর্শকের পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দের কাছে পল বিয়া স্টেডিয়ামে কাল মুখোমুখি হয়েছিল ক্যামেরুন ও কমোরোস। ২০০৫ সালে ফিফার স্বীকৃতি পাওয়া কমোরোস এবার সবাইকে চমকে দিয়েছে। প্রথমবারের মতো খেলতে যাওয়া দলটি ঘানার মতো প্রতিষ্ঠিত শক্তিকে হারিয়ে উঠে গিয়েছিল নকআউট পর্বে। স্বাগতিক দলের বিরুদ্ধে ৭ মিনিটেই ১০ জনের দল হয়ে পড়ে কমোরোস। কিন্তু দলটি হাল ছাড়েনি। ৭০ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়া কমোরোস ৮১ মিনিটে ব্যবধান কমিয়ে এনেছিল। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি।
ম্যাচ বাধাহীনভাবে চললেও, ম্যাচ শুরু হওয়ার আগেই ঘটেছে ভয়ংকর দুর্ঘটনা। করোনাবিধির কারণে স্টেডিয়ামে ৮০ শতাংশের বেশি দর্শক ঢোকার নিয়ম নেই। কিন্তু স্বাগতিক দলের খেলা, তাই ৬০ হাজার আসনের স্টেডিয়ামে খেলা দেখতে হাজির হয়েছিলেন ৫০ হাজারের বেশি মানুষ। এ কারণে স্টেডিয়ামে ঢোকার সময় সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে।
ক্যামেরুনের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিআরটিভি জানিয়েছে, ‘স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন।’ এপি নিউজকে ক্যামেরনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া বলেছেন, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। সিএনএন বলছে মৃতের সংখ্যা আট। আরেকটি সংবাদমাধ্যম বলছে বেশ কিছু শিশু ঘটনাস্থলে জ্ঞান হারিয়েছে।
প্রাথমিকভাবে হতাহতের কথা কেউ জানতে পারেননি। বিবিসি আফ্রিকার কর্মকর্তা নিক কাভেল জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ার পর সবার টনক নড়ে। স্টেডিয়ামের প্রবেশ পথে নাকি অনেক জুতা পড়ে আছে। আরও অনেক মালামালও পড়ে আছে বলে জানিয়েছেন তিনি। আফ্রিকান ফুটবল ফেডারেশন (সিএএফ) এক বিবৃতিতে বলেছে, ‘তারা বর্তমানে ঘটনাটি তদন্ত করছে এবং কী হয়েছিল সেটা বোঝার চেষ্টা করছে।’