খেলা শুরু নভেম্বর না জানুয়ারিতে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেভাবে একের পর এক কেলেঙ্কারি ফাঁস হতে শুরু করল, তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল ২০২২ বিশ্বকাপ কাতারে হবে তো? আপাতত মধ্যপ্রাচ্যের দেশটিতে বিশ্বকাপ হবে বলেই মনে হচ্ছে। তবে কোন সময়ে হবে, সেটাই এখনো ধোঁয়াশাচ্ছন্ন।

এমনিতে জুন-জুলাই মাসেই বিশ্বকাপ হয়। কিন্তু বছরের এই সময়ে কাতারে অসহনীয় গরম পড়ে। এই আবহাওয়ায় খেলা সম্ভব কি না, সেই প্রশ্নও তাই উঠে যায়। গত বছর তাই ফিফা জানিয়েছিল, অন্য দুটি সময়ের সম্ভাব্যতা যাচাই করে দেখা হবে। জানুয়ারি-ফেব্রুয়ারি বা নভেম্বর-ডিসেম্বর, এই দুটি সময় বিশ্বকাপের জন্য বিবেচনা করেছিল ফিফা। এর মধ্যে জানুয়ারি-ফেব্রুয়ারির সম্ভাবনাই ছিল সবচেয়ে কম। বছরের এই সময়টায় বিশ্বকাপ হলে সেটি শীতকালীন অলিম্পিকের সঙ্গে সাংঘর্ষিক হবে, এটাই ছিল যুক্তি। গত নভেম্বরে সেপ ব্ল্যাটার একরকম বাতিলই করে দিয়েছিলেন সম্ভাবনাটা। কিন্তু পরশু নির্বাহী কমিটির বৈঠকের পর জানা যাচ্ছে, এই সময়টাকে এখনো বাতিল করেনি ফিফা। তবে নভেম্বর-ডিসেম্বরের সম্ভাবনাই বেশি মনে হচ্ছে। এই পথে মূল বাধা ওই সময়ের ঠাসা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সূচি। পরশু জুরিখের বৈঠকে ইউরোপিয়ান লিগ ও ক্লাবগুলোর কর্মকর্তা এবং ফিফপ্রোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা সভাপতি ছিলেন বৈঠকে। তাঁর কথা, ‘এ বিষয়ে এটাই প্রথম বৈঠক। ভবিষ্যতে আরও হবে। ফিফার নির্বাহী কমিটি এ ব্যাপারে কোনো তাড়াহুড়ো না করার ওপর জোর দিচ্ছে। এ জন্য তারা সময় দিতে আগ্রহী। আজকের বৈঠকে কিছু অগ্রগতি হয়েছে। আশা করি, ফুটবলের জন্য যেটি সবচেয়ে ভালো, সেটির জন্য আমরা কাজ করে যাব।’

ফিফা জানিয়েছে, পরের বৈঠকটা হবে নভেম্বরে। ২০১৫ সালের জানুয়ারি নাগাদ চূড়ান্ত হওয়ার কথা সময়টা। রয়টার্স, গার্ডিয়ান।