খেলা হওয়াটাই বড় প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ হওয়া অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল থেকে প্রাপ্তি কী? একটা প্রাপ্তি তো অবশ্যই প্রায় এক যুগ পর টুর্নামেন্টটা মাঠে ফিরে আসা। এই দীর্ঘ সময় বন্ধ থাকায় জাতীয় স্তরে খেলোয়াড় উঠে আসার পথটা ছিল বন্ধ। এই টুর্নামেন্টের মাধ্যমে সেই বন্ধ দুয়ারটা অবশেষে খুলেছে। অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত বাফুফের কর্মকর্তা এবং কোচরা সবাই এক বাক্যে এ কথাটাই বলছেন।
টুর্নামেন্টের কিছু নেতিবাচক দিক, বয়স চুরির কারণে চূড়ান্ত পর্বে আসা আট দলের প্রায় ৫০ খেলোয়াড়ের বাদ পড়া। খেলার মান নিয়েও অতৃপ্তি আছে। যে মানের ফুটবলার চাওয়া হচ্ছিল সেই মানের নবীন প্রতিভা তেমন চোখে পড়েনি।
তারপরও টুর্নামেন্টটা যেন ফুটবলে একপশলা ফুরফুরে বাতাসের মতো। খেলাটা তো অন্তত হলো! বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর আবু জোবায়ের নিপু যেমন বলছেন, ‘দুটি বাদে বাকি সব জেলাই খেলেছে এই টুর্নামেন্টে। তার মানে খেলার প্রতি জেলার আগ্রহ আছে। এ কারণে একটা জাগরণও তৈরি হয়েছে। আমি বলব, ১০-১১ বছর পর টুর্নামেন্ট যে মাঠে ফিরল, এটাই আমাদের ফুটবলের জন্য বিরাট এক প্রাপ্তি।’
বাফুফের আরেক কোচ মাহবুব হোসেন রক্সি বললেন, এরই মধ্যে জেলা থেকে আসা অন্তত ১৩ জন নবীন ফুটবলারকে দলে নিয়েছে চ্যাম্পিয়নশিপ লিগের বিভিন্ন ক্লাব। টুর্নামেন্টটা না হলে তো এই ছেলেদের ঢাকায় এসে খেলাই হতো না, ক্লাবের চোখে পড়া তো দূরের কথা। কাজেই এটাও আরেকটা প্রাপ্তি।
যুব টুর্নামেন্টটা এ কারণেই নিয়মিত চাইছেন সবাই। নিয়মিত হলে খেলোয়াড় আসবেই, এমন বিশ্বাস রক্সির, ‘প্রায় এক যুগ পর এমন টুর্নামেন্ট আয়োজন তৃণমূলের ফুটবলে গতি এনেছে। ঢাকার বাইরে গিয়ে দেখেছি ছেলেদের আগ্রহ অনেক। সেটি জাগিয়ে তুলতে পারাই বড় সাফল্য বলব।’
এই টুর্নামেন্টের মাধ্যমে জেলায় জেলায় কিছুটা হলেও ভালো ফুটবল প্রশিক্ষণ পেয়েছে তরুণেরা। বাফুফের আরেক কোচ জাবিদ হোসেন অপুর চোখে এটিও ভালো দিক। তবে খুব ভালো মানের ফুটবলার না পাওয়ায় অন্যদের মতো তাঁরও একটু হতাশা আছে। হতাশা দূর করতে নিচের দিকের বয়সভিত্তিক সব টুর্নামেন্টই দ্রুত মাঠে ফেরানোর তাগিদ তাঁর। এই টুর্নামেন্ট থেকে আরও একটা ভালো দিক লক্ষ করেছেন এই কোচ, ‘এই অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট খেলা ছেলেরা এ বছরই জাতীয় চ্যাম্পিয়নশিপ হলে সেখানেও খেলবে জেলার পক্ষে। তার মানে ওরা একটা প্রক্রিয়ার মধ্যে চলে এল।’
এত এত ইতিবাচক দিক থাকলেও ঢাকার শীর্ষ ক্লাবগুলোর কর্তাদের মাঠে সেভাবে দেখা যায়নি। নবীনদের লালন করে ভবিষ্যতের জন্য তৈরি করাই ক্লাবের বড় দায়িত্ব। কিন্তু বাংলাদেশের শীর্ষ ক্লাবগুলোর তাতে যেন অনীহা!
বাফুফে সূত্রে জানা গেল, এই যুব টুর্নামেন্ট থেকে প্রায় ৭৫ জন ফুটবলার বেছে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য। সেই প্রশিক্ষণ নিরবচ্ছিন্নভাবে চললে তবেই মূল লক্ষ্যটা পূরণ হবে। আর্থিক সংকট কাটিয়ে বাফুফে তা এগিয়ে নিতে পারবে?