খেলাই হতে দিল না বৃষ্টি
খেলা শুরুর আগে থেকেই মেঘের আনাগোনা ছিল। মেঘ মাথায় নিয়েই প্রিমিয়ার লিগে কালকের মোহামেডান-রহমতগঞ্জ ম্যাচটি শুরু হয়। কিন্তু মিনিট সাতেক মাঠে গড়ানোর পরই বিপত্তি। শুরু হয় ভারী বৃষ্টি এবং বজ্রপাত। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তখন ম্যাচ চালানোর মতো পরিস্থিতি ছিল না। রেফারি আবদুল হান্নান খেলোয়াড়দের ড্রেসিংরুমে যেতে নির্দেশ দেন।
প্রায় আধঘণ্টা ধরে হওয়া বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। শেষ পর্যন্ত মোহামেডান-রহমতগঞ্জ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। দিনের প্রথম ম্যাচটি না হওয়ায় ব্রাদার্স-ফেনী সকারের পরের ম্যাচটিও স্থগিত করেছে পেশাদার লিগ কমিটি। বডিলি শিফট হয়ে দুটি ম্যাচই আজ হবে।
মোহামেডান-রহমতগঞ্জ ম্যাচটি আজ শুরু থেকেই খেলানো হবে বলে জানালেন ম্যাচ কমিশনার রফিকুল আলম, ‘নিয়ম অনুসারে বডিলি শিফট হয়ে ম্যাচটি কাল (আজ) হওয়ার কথা। তবে ৭ মিনিট পর থেকে নয়, ম্যাচটি নতুন করেই শুরু হবে।’ অনেকের চোখে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এভাবে ফুটবল ম্যাচ পরিত্যক্ত হতে দেখাটা একটু অস্বাভাবিক লাগে। অতীতে অনেক বড় বৃষ্টিতেও ম্যাচ হয়েছে, ম্যাচ হয়েছে থিকথিকে কাদার মধ্যেও।
প্রথম ম্যাচ বাতিল করার সপক্ষে যুক্তি দিলেও দ্বিতীয় ম্যাচ কেন বাতিল হলো সে সম্পর্কে কিছু বলেননি ম্যাচ রেফারি, ‘নিয়ম অনুসারে ভারী বৃষ্টি কমার পর ৩০ মিনিট অপেক্ষা করেছি। কিন্তু তখনো হালকা বৃষ্টি হচ্ছিল। এরপর বৃষ্টি একেবারেই কমে গেলে আরও ৩০ মিনিট অপেক্ষা করেছি। তখনো মাঠে পানি জমে থাকায় খেলা পুনরায় শুরু করা সম্ভব হয়নি। আমরা পানি সরানোর চেষ্টা করেছি। কিন্তু এর পরও কিছু জায়গায় বল পানিতে ভাসছিল। এ জন্যই প্রথম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’