স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যাচটাকে বলেছিলেন ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ। টিভি সম্প্রচারের হিসাবও বলছে, বিশ্বজুড়ে ২০০ দেশের প্রায় ৭০ কোটি মানুষ ম্যাচটি সরাসরি দেখবেন। ক্লাব ফুটবলে অন্য যেকোনো ম্যাচের চেয়ে বেশি। হওয়ারই কথা, অ্যানফিল্ডে বাংলাদেশ সময় আজ রাত ১টায় যে রোমাঞ্চ ছড়াবে ফুটবলের শতাব্দীপ্রাচীন দ্বৈরথ। লিভারপুল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড!
মাত্রই অষ্টম সপ্তাহে গড়ানো প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকাও ইংল্যান্ডের সফলতম দুই দলের ম্যাচটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ১৬ পয়েন্ট নিয়ে চারে থাকা লিভারপুল আজ জিতলে ধরে ফেলবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সিটি ও আর্সেনালকে। ইউনাইটেডের (১৩ পয়েন্ট) জন্য ম্যাচটা শিরোপাদৌড়ে অন্যদের সঙ্গে পায়ে পা মেলানোর সুযোগ।
তবে ইউনাইটেড-লিভারপুল ম্যাচে শুধুই পয়েন্ট তালিকার হিসাব কে করে? দুই দলের সমর্থকদের এরই মধ্যে সতর্ক করে দেওয়া হয়েছে আচরণ সংযত রাখার জন্য। খেলোয়াড়দের মধ্যেও যেন বেজে উঠেছে যুদ্ধের দামামা। লিভারপুল উইঙ্গার সাদিও মানে তো ঘোষণাই দিয়ে রেখেছেন, ‘আমরা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাব! সেটা বিশ্বাস করি, করেও দেখাতে চাই।’ ইউনাইটেড ডিফেন্ডার ডেলি ব্লিন্ড লিভারপুলকে হারানোর কৌশলটা কিন্তু জানেন, ‘বক্সে উচ্চতার হিসাবে আমরা সুবিধা পাব, সেটিকে আমাদের কাজেও লাগাতে হবে।’ যার উত্তরে অবশ্য লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ মজা করে বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের টেনে লম্বা করার চেষ্টা করছি।’
মাঠের লড়াইয়ের বাইরে চোখ রাখতে হবে ক্লপ ও তাঁর ডাগআউট প্রতিদ্বন্দ্বী হোসে মরিনহোর ওপরও। ইউনাইটেডের পর্তুগিজ কোচের চোখে ম্যাচটি অবশ্য শুধুই আরেকটি ম্যাচ, ‘আমার জন্য লিগ মানে শুধু এই অ্যানফিল্ড ম্যাচ বা ওল্ড ট্রাফোর্ড (লিগে দুই দলের পরের সাক্ষাৎ) ম্যাচ নয়। মৌসুমে আরও অনেক ম্যাচ আছে, অনেক পয়েন্ট জিতব, অনেকগুলো হারাবও। অনেক কিছু অর্জনের বাকি এখনো।’
কিন্তু রেফারির বাঁশির পর ম্যাচটা কি আর শুধু ‘৩ পয়েন্টের ম্যাচ’ থাকবে? এএফপি।