খেলাপি ক্লাবগুলোকে বোর্ডের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের বেশির ভাগ ক্লাবই এখনো প্রতিশ্রুত পারিশ্রমিক দেয়নি খেলোয়াড়দের। কাল বোর্ড সভায় এসব ক্লাবকে খেলোয়াড়দের পাওনা মিটিয়ে দিতে ৭২ ঘণ্টা চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে বিসিবির পরিচালনা পর্ষদ। এ সময়ের মধ্যে বকেয়া টাকা পরিশোধ না করলে ক্লাবগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
বিসিবির বেঁধে দেওয়া সূচি অনুযায়ী চুক্তি স্বাক্ষরের সময়ই খেলোয়াড়দের ৩০ শতাংশ টাকা দিয়ে দেওয়ার কথা ক্লাবগুলোর। এরপর সুপার লিগের আগে ৩০ শতাংশ এবং বাকি ৪০ শতাংশ টাকা দেওয়ার কথা লিগ শেষ হওয়ার দেড় মাসের মধ্যে। কিন্তু এ পর্যন্ত এই শর্ত পূরণ করেছে মাত্র দু-তিনটি ক্লাব।
কাল বোর্ড সভা শেষে ‘খেলাপি’ ক্লাবগুলোর উদ্দেশে বিসিবি সভাপতি নাজমুল হাসানের হুঁশিয়ারি, ‘প্রিমিয়ার লিগের অনেক ক্লাব এখনো খেলোয়াড়দের টাকা দেয়নি। তাদের ৭২ ঘণ্টা সময় দেওয়া হলো। এর মধ্যে যদি তারা বকেয়া শোধ না করে, তাহলে বিসিবি তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন শাস্তি নিশ্চিত করবে। সেটার জন্য কোনো দলকে বহিষ্কার করতে হলে তাই করা হবে।’
এ ছাড়া আবাহনী-প্রাইম দোলেশ্বর স্থগিত ম্যাচটির জটিলতা নিরসনেও ৭২ ঘণ্টার সময় দিয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে সভায়। বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান নাজমুল করিম, ডিসিপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল, বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান ও টেকনিক্যাল কমিটির সদস্য আতহার আলী খানকে নিয়ে গঠিত এ কমিটির কাজ সব পক্ষের সঙ্গে কথা বলে সভাপতির কাছে রিপোর্ট জমা দেওয়া। এ প্রসঙ্গে বোর্ড সভাপতি বিস্ময় প্রকাশ করেছেন আম্পায়ারদের মাঠ ছেড়ে উঠে যাওয়া নিয়েও।