খেলার আনন্দ ফিরে পেয়েছেন কস্তা
ঠিক যেন ডক্টর জেকিল আর মিস্টার হাইডের গল্প! অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো কস্তা চেলসিতে নাম লিখিয়ে দ্বিতীয় মৌসুমে যেন হারিয়ে ফেলেছিলেন নিজেকে। একে তো গোল পাচ্ছিলেন না, অন্যদিকে মেজাজটা হয়ে গিয়েছিল খিটমিটে। নিজের আসল চরিত্রটাই হারিয়ে ফেলেছিলেন। চলতি মৌসুমে নিজেকে ফিরে পেয়েছেন। পারফরম্যান্স আর চরিত্র—দুই দিক থেকেই। একের পর এক গোল করে যাচ্ছেন। তাঁর ভেলায় চড়ে তরতর করে এগিয়ে চলছে চেলসিও।
২০১০ থেকে ২০১৪—অ্যাটলেটিকোর হয়ে চার মৌসুমে স্প্যানিশ লিগে ৯৪ ম্যাচ খেলে ৪৩ গোল করেন ব্রাজিলে জন্ম নেওয়া কস্তা। দারুণ এই পারফরম্যান্স তাঁকে জায়গা করে দেয় স্পেন দলেও। সাফল্য পেতে থাকেন সেখানেও। দ্বিতীয় মেয়াদে চেলসির দায়িত্ব নেওয়ার পর অ্যাটলেটিকো থেকে হোসে মরিনহো দলে টেনে আনেন কস্তাকে। প্রথম মৌসুমে ভালোই খেলেন। লিগে ২৬ ম্যাচ খেলে করেন ২০ গোল।
কস্তার দারুণ এই ছন্দে ছেদ পড়ে গত মৌসুমে। ক্রমেই গোল সোনার হরিণ হয়ে ওঠে তাঁর কাছে। আচরণটাও পাল্টে যেতে থাকে! তাঁর ওপর যেন ভর করেছিল মিস্টার হাইড। মাঠে আর অনুশীলনে তাঁর মেজাজটা হয়ে পড়ে তিরিক্ষি। কারণে-অকারণে প্রতিপক্ষের খেলোয়াড় বা সতীর্থদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তেন। এ জন্য কার্ডও কম দেখতে হয়নি। সমালোচনার তিরে বিদ্ধ হতে হয়েছে। স্পেন দল থেকে বাদ পড়েন। কস্তার সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে ডোবে চেলসিও। লিগ শেষ করে দশম স্থানে থেকে। মৌসুম শেষ হওয়ার আগে বরখাস্ত হতে হয় কোচ মরিনহোকেও।
নতুন মৌসুমে চেলসির দায়িত্ব নেন আন্তোনিও কন্তে। ইতালির এই কোচ বদলে দিয়েছেন চেলসিকে। কস্তার ভেতর থেকে তাড়িয়েছেন ‘মিস্টার হাইড’কে। ফুটবলের প্রতি এই স্প্যানিশ স্ট্রাইকারের ভালোবাসাটা তুলেছেন জাগিয়ে। আবার একের পর এক গোল পাচ্ছেন কস্তা, লিগে ১৫ ম্যাচে করেছেন সর্বোচ্চ ১২ গোল। পরশু ওয়েস্ট ব্রমের বিপক্ষে চেলসির ১-০ ব্যবধানের জয়টি এসেছে তাঁর গোলেই।
কস্তা যে নিজেকে আবার ফিরে পেয়েছেন, কন্তে সেটাই বলেছেন এই ম্যাচ শেষে, ‘আমি তার ওপর খুশি। কারণ সে খেলার প্রতি দারুণ আবেগ দেখাচ্ছে। ডিয়েগো নিঃসন্দেহে অসাধারণ এক স্ট্রাইকার।’
ওয়েস্ট ব্রমের বিপক্ষে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে চেলসি। ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। তৃতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১। এএফপি।