খেলার খুচরো
ফিফার অর্থ জব্দ
এবার ফিফার টাকাপয়সাও বাজেয়াপ্ত হলো। সুইজারল্যান্ডের বিচার মন্ত্রণালয় কাল ফিফা-সংশ্লিষ্ট প্রায় ৫০টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। অ্যাকাউন্টগুলোতে থাকা অর্থের সঠিক পরিমাণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে অর্থের পরিমাণ ৫ কোটি থেকে ১০ কোটি মার্কিন ডলারের মধ্যেই হবে। সুইস বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অনুরোধেই জব্দ করা হয়েছে ব্যাংক হিসাবগুলো। যুক্তরাষ্ট্রের দাবি, দুর্নীতির অর্থ পাচার করতে ব্যবহার করা হয়েছে ব্যাংক হিসাবগুলো। বিবিসি।

কৃতজ্ঞ পগবা
পরশু ইতালিয়ান কাপে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করলেন পল পগবা। ফরাসি মিডফিল্ডারের দল জুভেন্টাস ৪-০ গোলে তুরিনোকে হারিয়ে উঠে গেছে পরের রাউন্ডেও। ম্যাচ শেষে পগবা ধন্যবাদ দিয়েছেন সাবেক সতীর্থ আন্দ্রেয়া পিরলোকে। কী কারণে? ভালো ফ্রি-কিক নেওয়া শেখানোর জন্য। ম্যাচের পর পগবা জানিয়েছেন, ফ্রি-কিক অনুশীলনের সময় পিরলোর দেওয়া পরামর্শগুলো কাজে লেগেছে। ডেইলি মেইল।
রিবেরির চোট
ফিরতে না-ফিরতেই আবার মাঠের বাইরে ছিটকে গেলেন ফ্র্যাঙ্ক রিবেরি। অ্যাঙ্কেলের চোটের কারণে ৯ মাস ফুটবলের বাইরে থাকা বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাঠে ফিরেছিলেন এ মাসেই। এরপর মাত্র দুই ম্যাচ খেলেই আবার দেখা চোটের সঙ্গে। এবার ঊরুতে চোট পেয়ে দুই মাসের জন্য মাঠের বাইরে। গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ডায়নামো জাগরেবের বিপক্ষে ঊরুতে চোট পান রিবেরি। আগামী সপ্তাহ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত বুন্দেসলিগায় শীতকালীন বিরতি। কিন্তু এর আগে বুন্দেসলিগায় নিজেদের শেষ ম্যাচে রিবেরিসহ আরিয়েন রোবেন, ডগলাস কস্তা, মেহেদী বেনাতিয়া ও ডেভিড আলাবাকেও পাচ্ছে না বায়ার্ন। এএফপি।