খেলার খুচরো
ফিরছেন আদ্রিয়ানো
মাঠে ফিরতে চাচ্ছেন আদ্রিয়ানো। বছর দুয়েক লোকচক্ষুর অন্তরালে থাকা ব্রাজিলের সাবেক স্ট্রাইকার অনুশীলনও শুরু করে দিয়েছেন পেশাদার ফুটবলে ফিরতে। ২০০৪ কোপা আমেরিকা ও ২০০৫ কনফেডারেশনস কাপের সর্বোচ্চ গোলদাতা চোট ও ব্যক্তিগত কারণে ফুটবল থেকে প্রায় হারিয়েই গিয়েছিলেন। মাস দুয়েক হলো অনুশীলন শুরু করেছেন আগামী মাসে ৩৪-এ পা দিতে যাওয়া আদ্রিয়ানো। এরই মধ্যে নয় কিলোগ্রাম ওজনও কমিয়ে ফেলেছেন। ব্রাজিলের হয়ে ৪৮ ম্যাচে ২৭ গোল করা স্ট্রাইকার সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৪ সালে। আইএএনএস।
ইংল্যান্ড-সেরা রুনি
২০১৫ সালটা ম্যানচেস্টার ইউনাইটেডে খুব একটা ভালো কাটেনি ওয়েইন রুনির। কিন্তু জাতীয় দলে স্মরণীয় একটা বছরই কাটিয়েছেন ইংলিশ স্ট্রাইকার। স্যার ববি চার্লটনের ৪৯ গোলের রেকর্ড ভেঙে হয়েছেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০১৬ ইউরো বাছাইয়ে ৭ গোল করা সেই রুনিই নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার। ইংল্যান্ডের অধিনায়ক এই নিয়ে চারবার বর্ষসেরা খেতাব জিতলেন। ইংল্যান্ড সাপোর্টার্স ক্লাবের সদস্যদের ভোটেই নির্বাচন করা হয় সেরা খেলোয়াড়। রুনি পেয়েছেন ৩৭ শতাংশ ভোট। এএফপি।