খেলার খুচরো
রোনালদিনহোর ফেরা
ব্রাজিলে ফেরার ম্যাচটা স্মরণীয়ই হয়ে রইল রোনালদিনহোর জন্য। তাঁর বানিয়ে দেওয়া গোলেই গ্রেমিওকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফ্লুমিনেন্স। মারাকানা স্টেডিয়ামে খেলার ৭৬ মিনিটে রোনালদিনহোর পাস থেকে গোল করেন মার্কোস জুনিয়র। ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচ শেষে জানিয়েছেন, ‘জয় দিয়ে শুরুটা গুরুত্বপূর্ণ ছিল। আমি আনন্দিত। এটাই আমি করে যেতে চাই।’ এই জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে ফ্লুমিনেন্স। রয়টার্স।
কাতারি বার্সেলোনা
কাতালান ক্লাবটিকে কাতারের কাছে ‘বিক্রি’ হয়ে যেতে দেবেন না বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা। বার্সেলোনায় যে কাতারি আধিপত্য চলছে, লাপোর্তা তাতে দায় দেখছেন বার্সেলোনার বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের। তাঁর দাবি, বার্সেলোনার মূল নীতির সঙ্গে ‘বিশ্বাসঘাতকতাকারী’ বার্তোমেউকে সরে দাঁড়াতে হবে। কাতালুনিয়ার স্বাধীনতাপন্থীদের পতাকা প্রদর্শনের দায়ে বার্সেলোনার ৩০ হাজার ইউরো জরিমানার ঘটনায় ক্লাব কর্তৃপক্ষ আপিল না করায় বিস্মিত সাবেক বার্সা সভাপতি। বার্তোমেউ সরে না দাঁড়ানো পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক কাতালান সাংসদ। গোলডটকম।
নায়ক ক্যাসিয়াস
পেনাল্টি শুটআউটে নায়ক হয়ে দলকে জেতাবেন—ইকার ক্যাসিয়াসের জন্য ব্যাপারটা নতুন কিছু নয়। তবে এত দিন কাজটা রিয়াল মাদ্রিদ বা স্পেনের হয়েই করতে দেখেছেন সবাই। পরশু পোর্তোর জার্সি গায়ে প্রথমবারের মতো সেটা করলেন। কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নয় অবশ্য, প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট কলোনিয়া কাপেই ক্যাসিয়াসের পোর্তো হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকা ম্যাচটির নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। সেখানেই ভ্যালেন্সিয়ার হোয়াও ক্যান্সেলোর স্পট কিক ঠেকিয়ে দলকে জিতিয়েছেন স্প্যানিশ তারকা। টাইব্রেকারে পোর্তো ম্যাচটা জিতেছে ৫-৪ গোলে। গোলডটকম।