খেলার মাঝেই স্মৃতি হারিয়ে ফেললেন হামেস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে চোট পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছিলেন হামেস। ছবি: এএফপি
মাঠে চোট পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছিলেন হামেস। ছবি: এএফপি

ফুটবল মাঠে গোল জিনিসটা বড় আরাধ্য জিনিস। প্রত্যেক খেলোয়াড় ভালোভাবেই মনে রাখেন প্রত্যেক গোলের কথা। অথচ গতকাল মনশেনগ্লেডবাখের বিপক্ষে ম্যাচের মাঝপথে খেলার স্কোর কত, মনে করতে পারছিলেন না হামেস রদ্রিগেজ! 

বরুসিয়া মনশেনগ্লেডবাখের বিপক্ষে কাল ২-১ ব্যবধানে হেরেছে বায়ার্ন মিউনিখ। আপৎকালীন কোচ ইয়ুপ হেইঙ্কেস অবশ্য এ নিয়ে নয়, চিন্তিত ছিলেন হামেসকে নিয়ে। প্রথমার্ধে টনি ইয়ান্তশ্কের সঙ্গে ধাক্কা লেগেছিল কলম্বিয়ান প্লে মেকারের। সে ধাক্কা যে কত গুরুতর, সেটা বোঝা গেছে বিরতির সময়। হেইঙ্কেস জানিয়েছেন, ‘বিরতির সময় স্কোর কত, সেটাই জানত না সে। আমরা এখন চিকিৎসকের মতামতের অপেক্ষায়।’
হামেসের মাথার আঘাত কতটা গুরুতর, সেটা বোঝা না গেলেও ক্লাব কোনো ঝুঁকি নিচ্ছে না। আগামী কিছুদিন অনুশীলন ও ম্যাচ খেলা থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলতে যাওয়া এই মিডফিল্ডারকে।