খেলে যাবেন পিরলো

বয়স তো ৩৫ হয়ে গেছে। অনেকেই ভেবেছিলেন বিশ্বকাপের পরপরই বোধ হয় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দেবেন আন্দ্রেয়া পিরলো। পিরলো নিজেও বোধ হয় তেমনটিই ভেবেছিলেন। কিন্তু ইতালির নতুন কোচ অ্যান্তনীয় কন্তের ডাকে সেই চিন্তা আপাতত সরিয়ে রাখছেন এই ‘আজ্জুরি’ তারকা। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারটা আরও কিছু দিন চালিয়ে যেতে চান তিনি।
জুভেন্টাস তারকার আকর্ষণটা আসলে ওই কন্তের প্রতিই। জুভদের সাবেক এই কোচ বিশ্বকাপের ব্যর্থতার পর স্থলাভিষিক্ত হয়েছেন সিজারে প্রানদেল্লির। দায়িত্ব নিয়েই তাঁর প্রথম এসওএসটা গেছে দলের অভিজ্ঞতম ফুটবলারটির দিকেই, ‘পিরলো, তোমায় যে আমার বড় দরকার।’ সাবেক জুভেন্টাস কোচের এই কথাতেই উত্সাহ যেন অনেকটাই বেড়ে গেছে তাঁর, ‘কন্তের আহ্বান ফেলতে পারলাম না। সে জুভেন্টাসের সাবেক কোচ। আমি আগেও তাঁর অধীনে খেলেছি। দারুণ একজন কোচ। দেখি না তাঁর সঙ্গে মিলে ইতালীয় ফুটবলের দিন ফেরাতে পারি কি না!’
ইতালীয় ক্রীড়া দৈনিক গাজেত্তা দেল্লা স্পোর্তোকে পিরলো জানিয়েছেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই কন্তে আমাকে ফোন করেছিল। সে জিজ্ঞেস করল, ইতালির হয়ে খেলার ব্যাপারটা নিয়ে আমি কী ভাবছি। আমি নাকি তাঁর পরিকল্পনায় ভালোভাবেই আছি। ওর আহ্বান ফেরাতে পারলাম না। আমি জাতীয় দলের হয়ে খেলে যাব আরও কিছুদিন।’
দলে থাকলেও আপাতত চোটের কারণে মাঠে নামা হচ্ছে না ২০০৬ সালে ইতালির সর্বশেষ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কের। মঙ্গলবার ইতালি ২০১৬ ইউরো বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে নরওয়ের বিপক্ষে।
দায়িত্ব নিয়ে কন্তে অবশ্য শুরুটা করেছেন দারুণই। গত মঙ্গলবার বারিতে বিশ্বকাপে তৃতীয় স্থানধারী হল্যান্ডের বিপক্ষে তাঁর দল জয় পেয়েছে ২-০ গোলে।