খেলোয়াড় উঠে না আসার চড়া মূল্য

দেশের ফুটবল যেন নীরবে কাঁদছে, যার প্রতীক হিসেবে দেখা যেতে পারে কালকের বাফুফের ভবন। ছুটির দিন বলে এমনিতেই এটি বন্ধ ছিল। তার ওপর ভুটান-বিপর্যয় গোটা ভবনটাকে শোকের চাদরে ঢেকে দিয়েছে। বিকেলে একদল সাংবাদিক এলেন কর্তাদের কাউকে যদি পাওয়া যায়, সেই আশায়। কিন্তু দেখা মিলল না কারও।
সবাই দুঃখে কাতর। ভুটানের সঙ্গে মুখোমুখি ১২তম ম্যাচে এসে এই প্রথম হার—ফুটবলে শেষ গর্বও ধূলিসাৎ হতে দেখে আফসোস করছিলেন সাবেক ফুটবলার থেকে শুরু করে সবাই। পরশু থিম্পুতে ৩-১ গোলে ভুটানের কাছে হারটা সবার কাছেই গ্লানির। হতাশার। অপমানের। লজ্জারও।
এসবেরই যোগফল—এশিয়ান কাপের ফিরতি প্লেঅফে হার, যা ২০১৯ এশিয়ান কাপের মূল বাছাইপর্ব খেলতে দিল না বাংলাদেশকে। সুযোগ ছিল ড্র করতে পারলেও। কিন্তু সে আশায় গুঁড়েবালি। তাই আগামী বছর তিনেক আর ফিফা-এএফসির ম্যাচ পাবে না বাংলাদেশ। এটা ভাবলেই বুকটা হু হু করে ওঠে ফুটবল অনুরাগীদের।
কিছুদিন থেকেই অবশ্য মনে হচ্ছিল, একটা প্রচণ্ড ঝড় ধেয়ে আসছে। সত্যিই সেটি এসে গেল। সর্বশেষ তিনটি সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ থেকেই বিদায়, বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচে ৩২ গোল হজম, জর্ডানে আট গোল খাওয়া, সাফে আফগানিস্তানের কাছে চার গোল, বিশ্বকাপ বাছাইয়ে তাজিকদের মাঠে পাঁচ গোল, মালদ্বীপের কাছেও মালেতে কদিন আগে একই ব্যবধানে লজ্জার হারের ধারাবাহিকতাই ভুটান-বিপর্যয়।
ফিফা র্যা ঙ্কিংয়ে তাই নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ১৮৫তম স্থানে নামাও সারা! এর দৃশ্যমান বড় কারণ, ফুটবলারদের মেধার আকাল চলছে। তাঁদের অনেকে নানা বাজে অভ্যাসে আসক্ত। কোচের অনুশীলনের বাইরে ব্যক্তিগত অনুশীলন নেই। এই প্রজন্মের ফুটবলাররা পাঁচ গোলে হেরেও ফেসবুকে ছবি দিয়ে উল্লাস করেন। এসএ গেমসে ব্রোঞ্জ জিতে, মেডেলে কামড় দিয়ে তাঁরা সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটার জন্য অনেক পরিশ্রম করেছি!’ আহামরি না খেলেও এই ফুটবলাররা ক্লাব থেকে কাঁড়ি কাঁড়ি টাকা পান। তাঁদের ভালো খেলার আগ্রহটা স্বাভাবিকভাবেই মরে গেছে।
ভুটান-বিপর্যয়ে কাজী সালাউদ্দিন কী বলেন, জানার খুব ইচ্ছে হচ্ছিল কাল। কিন্তু কিছু বলতে রাজি নন বাফুফের সভাপতি। এমনিতে তিনি বরাবরই বলেন, ‘আমি সব করেছি এই দলের জন্য।’ ভুল বলেননি। বারবার বদল করলেও বিদেশি দামি কোচ, ট্রেনার, ফিজিও, গোলরক্ষক কোচ—কোনোটাই আনতে বাদ রাখেননি। কিন্তু জাতীয় দলে নতুন খেলোয়াড় সরবরাহে দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকায় সবই হলো বৃথা।
স্বাধীনতার ৪৫ বছর পর একটা একাডেমি চালু করেও ধারাবাহিকতা রাখতে পারেনি বাফুফে। এক বছরের মধ্যেই ওটা বন্ধ। অথচ ভুটান ১০ বছর আগেই একাডেমি গড়েছে। বাংলাদেশের হন্তারক ৭ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড চেনা সেই একাডেমিরই ফসল, খেলেছেন থাইল্যান্ড লিগেও। তাঁর দুই গোলেই শেষ বাংলাদেশ। ভুটানের অধিনায়ক বিমান চালিয়ে বাকি সময়ে ফুটবল খেলেন। আর মামুনুলরা পেশাদার ফুটবলার হয়েও মাথা নিচু করে মাঠ ছাড়েন। ৫০-৬০ লাখ টাকা তাঁরা ক্লাব থেকে পান, ভুটানি ফুটবলারদের আয় বছরে ৬ লাখ টাকাও নয়। অথচ দুই দলে কত পার্থক্য!
পার্থক্যটা দূর করতে চাই নতুন খেলোয়াড়। সেই নতুন খেলোয়াড় তৈরির দায়িত্ব কার? সালাউদ্দিন সব সময়ই বলেন, ‘খেলোয়াড় তৈরি আমার কাজ নয়। ওটা ক্লাব করবে। সারা বিশ্বেই ক্লাব করে।’ হয়তো ভুল বলেননি। কিন্তু বাংলাদেশের ক্লাব সেই দায়িত্বটা নিচ্ছে না। বাফুফে তাদের বাধ্যও করতে পারেনি। উল্টো ক্লাবের কাছে মাথা নত করে আছে আজও। তাই ক্লাবগুলোর দুটি যুব টুর্নামেন্ট হলেও খেলেনি লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি। ক্লাবকে শাস্তি দেওয়ার সাহস পর্যন্ত দেখাতে পারেনি ফেডারেশন। বছর দুয়েক ধরে বাধ্যতামূলক এই টুর্নামেন্টটা বাফুফের বর্ষপঞ্জিতেই নেই। দুঃখজনক হলো, এ নিয়ে কোনো আলোচনাও হয় না ফেডারেশনে।
অনূর্ধ্ব-১৪ বিমান কাপ, অনূর্ধ্ব-১৪ জেএফএ কাপ তো সেই কবেই হারিয়ে গেছে। সর্বশেষ স্কুল ফুটবল হয়েছে প্রায় পাঁচ বছর আগে। শেরেবাংলা কাপ ও অনূর্ধ্ব-১৯ সোহরাওয়ার্দী কাপ দীর্ঘদিন ধরে বন্ধ। এগুলো চালুর তোড়জোড় দেখা যাচ্ছিল গত এপ্রিলে ফেডারেশনের নির্বাচনের আগে। কিন্তু নির্বাচনের পর আর হদিস নেই।
এত দিন বাফুফের যাবতীয় মনোযোগ ছিল জাতীয় দল ঘিরেই। এখন ভুটান-বিপর্যয় একদিক থেকে আশীর্বাদ হতে পারে বাংলাদেশের ফুটবলের জন্য। এবার যদি বয়সভিত্তিক ফুটবলে নজর পড়ে! ব্যর্থ জাতীয় দল নিয়ে টানাটানি বন্ধ হয়! এই জাতীয় দলের জন্য ঘরোয়া লিগ বন্ধ থাকে কদিন পরপরই। ফেডারেশনের প্রায় এক-তৃতীয়াংশ টাকাই যাচ্ছে বিদেশি কোচদের বেতনে। এবার সঠিক কর্মপরিকল্পনা এবং একটা নীতিমালা করে বয়সভিত্তিক ফুটবল নিয়ে কাজ করার সময় এসেছে কর্তাদের। তাতে যদি ফুটবলের মুক্তি মেলে!