খেলোয়াড় ছাড়েনি শেখ জামাল
শ্রীলঙ্কার সঙ্গে দুটি প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি নিতে কাল বিকেএসপি গেল জাতীয় ফুটবল দল। প্রাথমিক দলে ডাক পাওয়া ২৮ জন খেলোয়াড়ের মধ্যে দুজন এমনিতেই নেই—ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়া ও অধিনায়ক মামুনুল ইসলাম, যিনি ইন্ডিয়ান সুপার লিগের দল অ্যাটলেটিকো ডি কলকাতার সঙ্গে আছেন এখন।
বাকি খেলোয়াড়দের মধে৵ শেখ জামালের নয় খেলোয়াড়ই বিকেএসপিতে গরহাজির। খেলোয়াড়েরা হলেন হিমেল, রায়হান, লিংকন, নাসির, ইয়াসিন, ইয়ামিন, রাজু, সোহেল রানা ও তকলিচ। মামুনুলকে ধরে সংখ্যাটা ১০।
শেখ জামালের আগামী মাসে ভুটানের কিংস কাপে খেলতে যাওয়ার সম্ভাবনা আছে। ওই টুর্নামেন্ট সামনে রেখে তারা প্রস্তুতি শুরু করেছে গতকালই। ফলে দলটি তাদের খেলোয়াড় ছাড়েনি জাতীয় দলের ক্যাম্পে। এর আগেও তারা জাতীয় দলের ক্যাম্পে সময়মতো খেলোয়াড় ছাড়েনি। এবারও একই ঘটনা। তবে এবার শেখ জামালের পক্ষ থেকে বলা হয়েছে, চার-পাঁচ দিন পর খেলোয়াড় ছাড়বে জাতীয় দলের ক্যাম্পে।