খেলোয়াড় তৈরির 'অন্য রকম' কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আইপিই। ছবি: প্রথম আলো
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আইপিই। ছবি: প্রথম আলো

জায়গাটা বাংলাদেশের ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির মতোই। চারদিকে সুনসান নীরবতা। গাছগাছালিতে ভরা ছায়াঢাকা এক প্রান্তর। চনবুরি শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে এই স্থাপনা। মুইয়াং চনবুরিতে গড়ে উঠেছে থাইল্যান্ডের অন্যতম ইনস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন (আইপিই) ক্যাম্পাস। 

আইপিইর সঙ্গে বিকেএসপির কাঠামোগত অনেক মিল থাকলেও একটা পার্থক্য রয়েছেই। ফুটবল খেলার মাঠ রয়েছে বিকেএসপিতে, কিন্তু কোনো স্টেডিয়াম নেই। চনবুরির আইপিইতে রয়েছে বিশাল আকৃতির চমৎকার একটা স্টেডিয়াম। এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব থাইল্যান্ডের চনবুরি শহরে বেছে নেওয়ার এটাও অন্যতম কারণ। এই স্টেডিয়ামেই বাংলাদেশের গ্রুপ পর্বের দুটি ম্যাচ হচ্ছে।
থাইল্যান্ডের খেলাধুলায় বড় অবদান রেখে চলেছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। যদিও শুধু চনবুরিতেই নয়, এখন আইপিই ব্যাংকক, চিয়াংমাই, সুফান বুরি ও সামুত সাখনেও রয়েছে। চনবুরি আইপিইতে বাংলাদেশের মেয়েদের খেলা হওয়ার সুবাদে বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হলো। পুরো ক্যাম্পাস ঘুরে দেখা গেল চমৎকার সব ক্রীড়া স্থাপনায় ভরা। ফুটবল খেলার আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তো রয়েছেই, আছে বাস্কেটবল গ্রাউন্ড, অ্যাথলেটিকস ট্র্যাক, টেনিস কোর্ট, ভলিবল কোর্ট, ফুটবলারদের অনুশীলনের জন্য ঘাসে ঢাকা বিশাল মাঠ। স্টেডিয়ামের পাশেই রয়েছে কৃত্রিম টার্ফ, রয়েছে ফ্লাডলাইট। রাতের বেলায় অনুশীলনের ব্যবস্থাও রয়েছে এখানে।

ছাত্রছাত্রীদের জন্য আছে ডরমিটরি। ছবি: প্রথম আলো
ছাত্রছাত্রীদের জন্য আছে ডরমিটরি। ছবি: প্রথম আলো

১১ হাজার দর্শক ধারণক্ষমতার আইপিই স্টেডিয়াম বর্তমানে পাতায়া ইউনাইটেড এফসির হোম ভেন্যু। থাই লিগের বেশ কিছু খেলা এই স্টেডিয়ামে আয়োজন করে এফএ থাইল্যান্ড (ফুটবল অ্যাসোসিয়েশন অব থাইল্যান্ড)।
চনবুরি আইপিইতে রয়েছে সাতটি ডিসিপ্লিন—ফুটবল, অ্যাথলেটিকস, বক্সিং, সেপাক তাকরো (কিক ভলিবল), হ্যান্ডবল, বাস্কেটবল ও টেনিস। ৩৮০ জন ছাত্রছাত্রীর আবাসনের জন্য রয়েছে বিশাল ডরমিটরি। চতুর্থ শ্রেণি থেকেই এখানে খেলোয়াড়েরা ভর্তি হতে পারে। সুফান বুরি প্রদেশ থেকে চনবুরির আইপিই ক্যাম্পাসে পড়তে এসেছে প্রাকাইতা পংসাতাতকিজোইয়োকি। সপ্তম শ্রেণির ছাত্রী প্রাকাইতা ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছে। ফল ব্যবসায়ী বাবার স্বপ্ন পূরণে প্রাকাইতা নিয়মিত কঠোর অনুশীলন করে চলেছে, ‘বড় ভাই ফুটবল খেলে। বাবা চাইতেন, আমিও ভাইয়ের মতো যেন ফুটবল খেলি। এ জন্য বাবা আমাকে এই ক্যাম্পাসে ভর্তি করে দেন। এখানে ভর্তি হতে পেরে খুবই ভালো লাগছে। আমি প্রতিদিন দুই বেলা অনুশীলন করি। সকাল ছয়টা থেকে এক ঘণ্টা, বিকেলে চারটা থেকে দুই ঘণ্টা করে চলে আমাদের অনুশীলন।’ প্রাকাইতা জানাল, অনুশীলনের ফাঁকে ফাঁকে চলে ক্লাস ও পরীক্ষা।

ক্লাসের ফাঁকে ছাত্রছাত্রীদের আড্ডা। ছবি: প্রথম আলো
ক্লাসের ফাঁকে ছাত্রছাত্রীদের আড্ডা। ছবি: প্রথম আলো

চনবুরি আইপিইতে শিক্ষকতা করছেন অরুমা চিম। ছাত্রছাত্রীদের খেলার মাঠে ও মাঠের বাইরের আচরণ, মানুষের সঙ্গে তাদের সম্পর্কটা কেমন হবে, এগুলোই পড়িয়ে থাকেন অরুমা। থাইল্যান্ডের ক্রীড়াঙ্গনে এই প্রতিষ্ঠানের অবদানের কথা বললেন এই শিক্ষিকা, ‘থাইল্যান্ডে প্রতিবছর নিয়মিত নানা রকমের খেলাধুলা হচ্ছে। যুব গেমস, বিশ্ববিদ্যালয় গেমসে সেখানে অংশ নিচ্ছে এই ছেলেমেয়েরা। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য পাচ্ছে চনবুরি আইপিইর খেলোয়াড়রা।’