খেলোয়াড় কিনতে পারবে না বার্সা!

ভাগ্যিস লুইস সুয়ারেজকে দলে নেওয়ার প্রক্রিয়া সেরে রেখেছিল বার্সেলোনা, নয়তো উরুগুইয়ান তারকার ন্যু ক্যাম্পের অংশ হওয়ার ব্যাপারটিই হয়তো ভেস্তে যেত। ২০১৫ সালের জন্য নতুন করে আর কোনো খেলোয়াড়ই কিনতে পারবে না বার্সেলোনা। ৩১ আগস্ট পর্যন্ত দলবদলের যে সময়সীমা, এর মধ্যে সুয়ারেজের বাইরে নতুন কোনো খেলোয়াড়কে যদি দলে নিতে হয়, তার প্রক্রিয়া সেরে ফেলতে হবে এরই মধ্যে।
‘লা মেসিয়া’ একাডেমি ও খেলোয়াড় কেনা নিয়ে ফিফার সঙ্গে বার্সেলোনার দ্বন্দ্ব চলে আসছিল বেশ আগে থেকেই। ফিফা এ কারণে বার্সেলোনার ওপর নতুন কোনো খেলোয়াড় কেনার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তার বিরুদ্ধে আপিল করেও কোনো লাভ হলো না। ফিফা তাদের আগের সিদ্ধান্তেই অটল থাকল। মাঝখানে অবশ্য ফিফার সিদ্ধান্তের ওপর একটা স্থগিতাদেশ ছিল, সেই সুযোগে বার্সা সেরে নিয়েছে সুয়ারেজসহ আট ফুটবলারকে দলে ভেড়ানোর প্রক্রিয়া।
ফিফার সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়া বার্সেলোনা অবশ্য বিষয়টি নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস)। কিন্তু সিএএসে ব্যাপারটি নিষ্পত্তি হওয়ার আগে নতুন মৌসুমের জন্য নতুন কোনো খেলোয়াড়ের দিকে হাত বাড়াতে না পারাটা ক্লাবের জন্য বিরাট এক সমস্যাই। সুয়ারেজও তো নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বর পর্যন্ত খেলতে পারবেন না লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচ।
ফিফার সঙ্গে পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই ক্লাবের দ্বন্দ্বে এই মুহূর্তে উত্তাল ফুটবল-বিশ্ব। লা মেসিয়া একাডেমিতে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী খেলোয়াড়দের ব্যাপারে বার্সা নানা ধরনের অনিয়ম করছে—এমন অভিযোগ থেকেই মূলত সূত্রপাত এই দ্বন্দ্বের। এ জন্য গত এপ্রিলে খেলোয়াড় কেনাবেচার ক্ষেত্রে ফিফা নিষেধাজ্ঞা জারি করে বার্সেলোনার ওপর। পুরো বিষয়টিই কাতালান দলটির ভাবমূর্তির ওপর বেশ বড় ধরনেরই একটা আঘাত।
লা মেসিয়া একাডেমি বার্সেলোনার খেলোয়াড় তৈরির কারখানা হিসেবেই পরিচিত। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তার মতো তারকারা উঠে এসেছেন এই একাডেমি থেকেই। এই একাডেমিতেই ১৮ বছরের কম বয়সী ফুটবলারদের দলবদল নিয়ে বার্সেলোনা অনিয়ম করেছে বলে অভিযোগ ছিল ফিফার। এ জন্য তাদের ৩ লাখ পাউন্ড জরিমানাও করা হয়েছে।
এমনিতেই গত মৌসুম থেকেই নানাবিধ সমস্যায় জর্জরিত বার্সেলোনা। মেসি লড়ছেন কর ফাঁকির মামলা নিয়ে। গত মৌসুমটা মাঠের লড়াইয়েও সাফল্য নেই। ব্রাজিলীয় তারকা নেইমারকে দলে ভেড়ানো নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। সেই অভিযোগের জেরে পদত্যাগ করতে হয়েছে ক্লাব সভাপতিকেও। এর মধ্যে একাডেমি নিয়ে নতুন করে সমস্যায় জড়িয়ে পড়া বার্সার জন্য বড় ধরনের এক আঘাতই।
বার্সেলোনা অবশ্য পুরো বিষয়টিকে বড় ধরনের অন্যায় হিসেবেই দেখছে। তাদের মতে, ফিফা লা মেসিয়া একাডেমির ব্যাপারে অনিয়মের অভিযোগ তুলে অন্যায্য আচরণ করেছে। নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা সিএএসে আপিল করবে। লা মেসিয়া একাডেমির ব্যাপারে অভিযোগ তুলে ফিফা তাদের আদর্শিক জায়গাটিতেই আঘাত করেছে। এখানে অন্য ধরনের আদর্শ শিখিয়েই গড়ে তোলা হয় কিশোর ফুটবলারদের। সারা দুনিয়ায় সর্বজনবিদিত এই একাডেমি নিয়ে ফিফার যে অভিযোগ, তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’
ফিফার আইন অনুযায়ী ফুটবলের আন্তর্জাতিক দলবদলে কেবল ১৮ বছর ও তদূর্ধ্ব খেলোয়াড়েরাই অংশ নিতে পারবেন। ফিফার অভিযোগ, বার্সা নাকি প্রায়ই লা মেসিয়া থেকে ১৮ বছরের কম বয়সী খেলোয়াড়দের অন্য ক্লাবের কাছে বিক্রি করে থাকে। ফিফার একটি তদন্ত কমিটি এ ব্যাপারে তদন্ত করতে গিয়ে আবিষ্কার করেছে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বার্সেলোনা লা মেসিয়া থেকে অন্তত ১০ জন অনূর্ধ্ব-১৮ বছরের খেলোয়াড়কে অন্য ক্লাবের কাছে বিক্রি করেছে। এএফপি।