খেলোয়াড়দের খুন দেখছেন গার্দিওলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার ফুটবলে এখন দম ফেলার উপায় নেই খেলোয়াড়দের। ঘরোয়া লিগ, কাপ তো আছেই, সঙ্গে দল যদি চ্যাম্পিয়নস লিগে খেলে তাহলে তো প্রাণান্ত দশা হয়ে যায়। পেপ গার্দিওলা এই ব্যাপারটা নিয়েই ভীষণ উদ্বিগ্ন। বায়ার্ন মিউনিখ কোচের আশঙ্কা, এভাবে টানা খেলতে থাকলে খেলোয়াড়দের বড় ধরনের ক্ষতিও হয়ে যাবে।
গার্দিওলার এ উদ্বেগ বায়ার্নের সাম্প্রতিক ব্যস্ত সূচির কারণেই। গত এক সপ্তাহে বায়ার্নকে খেলতে হয়েছে তিনটি ম্যাচ। ম্যানচেস্টার সিটির সঙ্গে গত বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়ে শুরু। গত শনিবার হামবুর্গের সঙ্গে বুন্দেসলিগার ম্যাচের পর গতকালই আবার নবাগত প্যাডেরবর্নের সঙ্গে নামতে হয়েছে লিগের ম্যাচে।
এই ম্যাচের আগেই গার্দিওলার কণ্ঠে তাই ঝরে পড়ল উদ্বেগ, ‘আমরা খেলোয়াড়দের খুন করে ফেলছি। ওদের ওপর চাপটা বেশি হয়ে যাচ্ছে। তাদের তো বিশ্রাম দরকার। শুধু বায়ার্নের জন্যও নয়, কথাটা ডর্টমুন্ড ও লেভারকুসেনের জন্যও সত্য। প্রতি তিন দিন পর পর একই খেলোয়াড়দের নিয়ে খেলে যাওয়াটা অসম্ভবই।’ গোলডটকম।