খেলোয়াড়দের 'বিশ্বাসঘাতকতা'য় হার মরিনহোর

ম্যাচ শেষে অভিযোগের ফিরিস্তি দেওয়ার ক্ষেত্রে তাঁকে টেক্কা দেওয়ার আর কেউ নেই। রেফারির ভুল সিদ্ধান্ত, মাঠ খারাপ থেকে শুরু করে বলবয়দের দোষ কিংবা প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার পানি খাওয়ার বিরতি নিচ্ছে—হোসে মরিনহোর অভিযোগের ভান্ডার যেন অফুরন্ত। হয়তো মিথ্যা নয়, তবু মরিনহোর অভিযোগগুলো কিন্তু মাঝে মাঝে হাস্যকরই শোনায়। তবে এবার চেলসি কোচ যে অভিযোগ তুললেন, সেটি কিন্তু গুরুতর। তাঁর কাজের প্রতি বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছেন পর্তুগিজ এই কোচ।
প্রিমিয়ার লিগে কাল গুরুত্বপূর্ণ ম্যাচে লেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরে গেছে চেলসি। মৌসুমে এ নিয়ে নবমবারের মতো হারের তোতো স্বাদ গ্রহণ করল তারা। এই হারে মৌসুমে ১৬ ম্যাচ থেকে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট দাঁড়াল সাকল্যে ১৫! পয়েন্ট তালিকায় অবস্থান অবনমন অঞ্চল থেকে মাত্র দুই ধাপ ওপরে, পয়েন্টের হিসেবে ১৭ ও ১৮ নম্বরে থাকা সোয়ানসি ও নরউইচ সিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট এগিয়ে। গত কদিন ধরে একটা গুঞ্জন ছিল, চ্যাম্পিয়নস লিগে পোর্তোর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ আর প্রিমিয়ার লিগে লেস্টারের সঙ্গে ম্যাচই ঠিক করে দেবে মরিনহোর ভবিষ্যৎ। প্রথমটি জিতেছে চেলসি, কাল হেরেছে। মরিনহোর ভাগ্যে কী অপেক্ষা করছে কে জানে!
কাল চেলসি হেরেছে ‘রিয়াদ মাহরেজ-জেমি ভার্ডি’ জুটির কাছে। এই মৌসুমে প্রিমিয়ার লিগে সবচেয়ে ভয়ংকর জুটির একটা প্রতিযোগিতা যদি করা হয়, তাহলে ‘ওজিল-সানচেজ’, ‘ওজিল-জিরু’ কিংবা ‘ইঘালো-ডিনি’ জুটির সঙ্গে বেশ ভালো লড়াই হবে এই মাহরেজ-ভার্ডি জুটির। মৌসুমে ৩৪টি গোল করেছে লেস্টার। তাতে ২৬টি গোল এসেছে এই দুজনের পা থেকে (ভার্ডি ১৫, মাহরেজ ১১)। এই দুজনের গোলে ভর করেই ইউরোপের সেরা পাঁচে জায়গা করে নিয়েছে লেস্টার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে গোল করার রেকর্ডে ডর্টমুন্ড (৪৬), বায়ার্ন (৪৫), পিএসজি (৪৫) ও বার্সেলোনার (৩৬) পরই আছে ক্লদিও রানিয়েরির দল।
ম্যাচে মাহরেজ-ভার্ডিকেই যে সবচেয়ে বেশি নজরে রাখতে হবে সেটি তো জানা কথাই। কিন্ত ঠিক। প্রথমার্ধের শেষ দিকে বক্সের মাঝ থেকে ভলিতে ভার্ডি, আর দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত শটে মাহরেজ গোল করে লেস্টারকে এগিয়ে দেন। দুবারই রাইট উইংয়ে চেলসি লেফট ব্যাক সিজার আজপিলিকুয়েতাকে ‘ওয়ান-অন-ওয়ানে’ হারিয়ে বল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন মাহরেজ। ম্যাচ শেষে তাই তাঁর কাজের প্রতি ‘বিশ্বাসঘাতকতা’র আক্ষেপ ঝরল মরিনহোর কণ্ঠে, ‘মনে হচ্ছে যেন আমার কাজের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করছে। দুটি গোল হজম করলাম যেটি মেনে নেওয়া কঠিন। আমি জানি আমার সবচেয়ে ভালো গুণ হচ্ছে খেলোয়াড়দের জন্য খেলাটাকে পড়ে দেওয়া, প্রতিপক্ষকে পড়ে দেওয়া, হুমকির জায়গাগুলো চিহ্নিত করে দেওয়া। অথচ ভার্ডি ঠিকই দুই সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝ দিয়ে চলে গেল। মাহরেজ বক্সে ওয়ান-অন-ওয়ান পেয়ে গেলে, যেখানে আমি চেয়েছিলাম ওর সঙ্গে দুজন থাকুক।’
ম্যাচের আগে এত খেটে-খুটে প্রস্তুতি নেওয়ার পরও দলের এমন ভুল হতাশ করছে চেলসি কোচকে, ‘চার দিন ধরে এই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। প্রতিপক্ষের সবকিছুই খুঁজে বের করেছি। ওরা যে চার ধরনের মুভমেন্ট থেকে বেশিরভাগ গোল করে সবই বের করেছি। আমার খেলোয়াড়দের সেটা তিন দিন আগে জানিয়েছিও। কিন্তু ওই চার ধরনের মধ্যে দুটি মুভমেন্ট থেকেই দুটি গোল খেলাম।’

দুই গোল খাওয়ার পরও ম্যাচে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল চেলসির। ৭৭ মিনিটে বদলি হিসেবে নামা স্ট্রাইকার লইক রেমি গোল করে ব্যবধান কমান। তবে তাতেও শেষ রক্ষা হলো না। ম্যাচ শেষে এ নিয়ে ‘স্বাভাবিক’ কিছু অভিযোগ করলেন মরিনহো, ‘আমরা গোল করার পর পনেরো মিনিট বাকি ছিল। ওরা সেটিকে পাঁচ মিনিটের মতো মনে করাচ্ছিল। বলবয়রা সময় নষ্ট করছে, খেলোয়াড়দের চোট, কেউ বাইরে যাচ্ছে, আবার মাঠে ফিরে আসছে, বল গায়েব হয়ে যাচ্ছে—এমন অনেক কিছু করেছে ওরা। দেখতে ভালো লাগছিল না সেগুলো, তবে ওরা বেশ ভালোভাবেই কাজগুলো করেছে।’
খেলোয়াড়দের বিশ্বাসঘাতকতায় ম্যাচটা হেরেছেন, এখন চেলসি মালিক রোমান আব্রামোভিচও বিশ্বাসঘাতকতা করলে চাকরিটাও হারাতে পারেন মরিনহো। কদিন আগে প্রকাশ্যে আস্থা ভোট জানালেও আব্রামোভিচের কোচ ছাঁটাইয়ের ‘বাতিক’ যেকোনো সময়ই মরিনহোর শেষ ঘোষণা করে দিতে পারে। তথ্যসূত্র: ইএসপিএন, লন্ডন ইভনিং স্ট্যান্ডার্ড।