‘খেলোয়াড়েরাও মানুষ’—লিভারপুল রক্ষণের ভেঙে পড়া নিয়ে ক্লপ
হঠাৎ কী হয়েছিল জো গোমেজ, জোয়েল মাতিপ আর ইব্রাহিমা কোনাতের—অ্যানফিল্ডে এমন একটি প্রশ্ন উড়ছে! লিভারপুল রক্ষণে সাধারণত যা হয় না, হঠাৎ খেই হারিয়ে ফেলা, কাল ঘরের মাঠে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে সেটাই হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য ক্ষতি হয়নি, দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় লিভারপুলই সেমিফাইনালে উঠেছে। কিন্তু ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের দিকে প্রশ্ন ছুটে গেছে—কী হয়েছিল রক্ষণভাগের? লিভারপুলের জার্মান কোচের সহজ উত্তর, ‘খেলোয়াড়েরাও মানুষ।’
লিসবন থেকে প্রথম লেগের ম্যাচটি ৩-১ গোলে জিতে ফিরেছিল লিভারপুল। অ্যানফিল্ডে কোনাতের ২১ মিনিটের গোলে এগিয়ে যায় লিভারপুল। দুই লেগ মিলিয়ে তখন তারা এগিয়ে ৪-১ গোলে। ৩২ মিনিটে বেনফিকা একটি গোল শোধ করার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে জোড়া গোল করেন রবার্তো ফিরমিনো। ৬৫ মিনিটের মধ্যে দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে এগিয়ে যায় লিভারপুল। এ লড়াইয়ে আর কিছু বাকি নেই বলেই মনে হচ্ছিল তখন। কিন্তু হঠাৎ ম্যাচে প্রাণ ফিরে আসে ৮ মিনিটের মধ্যে রোমান ইয়ারেমচুক ও ডারউইন নুনেজের গোলে। ৭৩ মিনিটে ইয়ারেমচুকের গোলের পর ৮১ মিনিটে গোল করেন নুনেজ।
লিভারপুলের রক্ষণের হঠাৎ খেই হারানো নিয়ে ক্লপ ম্যাচ শেষে একটু যেন মজাই করলেন, ‘সেমিফাইনালে উঠে আমি আনন্দে ভেসে যাচ্ছি না। ভুল তো কিছু ছিলই এবং এর জন্য আমার হয়তো পদত্যাগ করা উচিত!’ মজা করার পর অবশ্য নিজের খেলোয়াড়দের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ক্লপ, ‘দুই লেগ মিলিয়ে আমরা ৬-২ গোলে এগিয়ে গিয়েছিলাম। খেলোয়াড়েরা তো মানুষই। স্বাভাবিক কারণেই তারা হয়তো মনে করেছিল, ‘আমাদের কাজ শেষ।’ কিন্তু বেনফিকা লড়াই চালিয়ে যায়, তাদের এ লড়াকু মনোভাবকে শ্রদ্ধা জানাই।’