খোকাবাবুর প্রত্যাবর্তন

টাইব্রেকার বুঝি বিধাতার এক অদ্ভুত খেয়াল। বারো গজের ওই ছোট সাদা বৃত্ত সার্জিও গয়াকোচিয়ার মতো অনেক আনকোরা খেলোয়াড়কে বসিয়েছে নায়কের আসনে, আবার রবার্তো বাজ্জিওর মতো অনেক নায়ককে মুহূর্তেই বানিয়েছে খলনায়ক।
২০১১ সালের ১৬ জুলাই কার্লোস তেভেজ যখন উরুগুয়ের বিপক্ষে পেনাল্টি নিতে যান, তখন কি তিনি ঘুণাক্ষরেও কল্পনা করতে পেরেছিলেন লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারই চলে যাবে খাদের কিনারে? ওই ঘটনার মাত্র এক বছর আগেই তো ২০১০ বিশ্বকাপের দ্বিতীয় পর্বের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আলবিসেলেস্তেরা জিতেছিল তাঁর জোড়া গোলে। দলে অপরিহার্য হিসেবে হয়তো তাঁকে অভিহিত করা যাবে না, তাই বলে অপাঙক্তেয় তো তিনি নন!
কোপা আমেরিকার সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইব্রেকারে কেবল তেভেজই বারো গজ থেকে নিশানা ভেদে ব্যর্থ ছিলেন, শিরোপার পথে উরুগুয়ে সেই আসরের স্বাগতিক আর্জেন্টিনাকে হারিয়েছিল ৫-৪ গোলে। সেদিনের পর আকাশি নীল জার্সি আর গায়ে চড়ানো হয়নি তেভেজের। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনাল যাত্রার লড়াইয়ে আলেসান্দ্রো সাবেলাও দলে জায়গা দেননি তেভেজকে। কারণটা হয়তো ছিল বহুমাত্রিক। শরীরী ভাষা নিয়ে সাবেলার ক্ষোভ থাকতে পারে, ম্যারাডোনাকে কোচের পদ থেকে বরখাস্ত করার পর তেভেজের ক্ষোভ প্রকাশ নিয়েও ওপর মহলে সমস্যা থাকতে পারে। তবুও ফর্মের তুঙ্গে থাকা তেভেজকে বাদ দিতে যাঁরা চেয়েছিলেন, দল নির্বাচনের সময় সেই কোপার পেনাল্টি মিসের কথা যে তাঁরা ভোলেননি—সেই কথা কিন্তু হলফ করে কেউ বলতে পারবেন না।
জেরার্ডো মার্টিনো দীর্ঘদিন পর আবারও অনুভব করেছেন তেভেজের প্রয়োজনীয়তা। কিন্তু কোপার সেই পেনাল্টি মিস কি তিনি মাথা থেকে ঝেড়ে ফেলেছেন? মনে তো হয় না। তাই পেনাল্টি নিতে সিদ্ধহস্ত তেভেজকে আমরা কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে টাইব্রেকারে প্রথম পাঁচজনের মধ্যে শট নিতে দেখলাম না, এমনকি সাডেন ডেথেও প্রথমে এলেন মার্কোস রোহো। কিন্তু বিধাতা মনে হয় ঠিকই করে রেখেছিলেন যে দিনটা হবে তেভেজের শাপমুক্তির। রোহোর মিসের পর কলম্বিয়ান ডিফেন্ডার জেসন মারিলোর ব্যর্থ শট তেভেজকে এনে দেয় চার বছর আগের সেই ভুলের প্রায়শ্চিত্ত করার অনন্য এক সুযোগ।
পেনাল্টি নিতে যাওয়ার সময় হৃৎপিণ্ডের ধুকপুকানি যে কয়েক শ গুণ বেড়ে গিয়েছিল তেভেজের, সেটা বলে দিতে গণক হতে হয় না। তবু ইস্পাতসম দৃঢ়তা নিয়ে নেয়া পেনাল্টি শটটা দেখলে দ্বিতীয়বার ভাবতে হয়। নিজের অজান্তেই তাঁর প্রতি জেগে ওঠে শ্রদ্ধা। বিশ্বকাপ সেমিফাইনালে যেখানে ডাচ তারকারা পেনাল্টি নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, সেখানে চার বছর আগে পেনাল্টি মিসের জুজু মাথায় রেখে সাডেন ডেথে শট নিতে যাওয়া অতিমানবীয়ই বটে। তেভেজের লক্ষ্যভেদি পেনাল্টি আর্জেন্টিনাকে এনে দেয় সেমিফাইনালের টিকিট, আর বুয়েস এইরেস থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত আকাশি নীল সমর্থকদের স্বস্তি।
নিঃসন্দেহে গতকাল রাতে তেভেজের ঘুমটা হয়েছিল খাসা, নির্ভার। শিরোপার স্বপ্নটাও কি ওই ঘুমের মধ্যে উঁকি মেরে যায়নি?