খেয়ালি ইতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়া নতুন ঠিকানা হয়েছে খুব বেশি দিন নয়। এরই মধ্যে কোচের ‘ব্যাড বুক’-এ উঠে গেছে স্যামুয়েল ইতোর নাম! কেন? অনুশীলনে কোচের কথা শুনছেন না তিনবার বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড় হওয়া ইতো। পরশু তো কোচকে না জানিয়ে অনুশীলন ছেড়েই চলে গেছেন। একজন জ্যেষ্ঠ খেলোয়াড়ের এমন আচরণে ভীষণ খেপেছেন সাম্পদোরিয়ার সার্বিয়ান কোচ সিনিসা মিহালোভিচ, ‘কেন সে অনুশীলন ছেড়ে গেল—এটা আমাকে জানানোর দরকারও মনে করেনি। এটা তো আমার জন্য খুবই অসম্মানজনক!’ তবে এ কারণে ক্লাব ইতোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কি না, সেটা নিশ্চিত নন মিহালোভিচ। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে, পার পেয়ে যেতে পারেন ইতো। ক্লাবের সভাপতি মাসিমো ফেরেরো তো বলেই দিয়েছেন, এটা নাকি খুব সামান্য ব্যাপার। সাম্পদোরিয়ায় সবই ঠিকঠাক চলছে! এএফপি।