খ্যাপাটে সেই চিলাভার্ট প্রেসিডেন্ট হতে চান প্যারাগুয়ের

প্যারাগুয়ের সাবেক গোলরক্ষক হোসে লুই চিলাভার্টছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে লুই চিলাভার্ট সম্ভবত এই প্রজন্মের কাছেও পরিচিত। ১৬ বছর আগে পেশাদার ফুটবল ছাড়লেও নানা পদের কাণ্ড-কীর্তি তাঁকে অমর করে রাখবে ফুটবল ইতিহাসে।

ভয়ংকর মেজাজ, যা নিয়ন্ত্রণে থাকত কালেভদ্রে। কিন্তু গোলপোস্টের নিচে বরাবরই প্যারাগুয়ে দলের আস্থাভাজন। নিজের সেরা সময়ে ছিলেন বিশ্বসেরা গোলরক্ষকদের একজন। এমনকি মোটামুটি মানের স্ট্রাইকারদেরও তিনি পেছনে ফেলেছেন গোল করাতেও!

হ্যাঁ, গোলরক্ষক হয়েও চোস্ত স্ট্রাইকারদের মতো গোল করতে পারতেন চিলাভার্ট। ফ্রি-কিকেও পা পাকিয়েছিলেন বেশ। পেশাদার ক্যারিয়ারে আছে ৬৭ গোল, এর মধ্যে আন্তর্জাতিক ম্যাচে ৮টি, যার বেশির ভাগই গুরুত্বপূর্ণ সময়ে। ২০০২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে আছে ৪ গোল।

ব্রাজিলের রোজেরিও চেনির পর গোলরক্ষক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ গোল চিলাভার্টের, এর মধ্যে আছে হ্যাটট্রিকও! এ তো গেল তাঁর গোলের খবর, এবার গোল ঠেকানোর বাইরে চিলাভার্টের অন্য এক ইচ্ছার কথা জানানো যাক।

প্যারাগুয়ের প্রেসিডেন্ট হতে চান ৫৫ বছর বয়সী সাবেক এ গোলরক্ষক। তবে পাগলা ও খ্যাপাটে চরিত্র হিসেবে সুনাম ও দুর্নাম দুটোই কুড়ানো চিলাভার্টকে অনেকে ভোট দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবতে পারেন।

১৯৯৭ সালে কলম্বিয়ার সাবেক স্ট্রাইকার ফাউস্তিনো অ্যাসপ্রিলার সঙ্গে মাঠে সংঘর্ষে জড়িয়েছিলেন প্যারাগুয়ের সাবেক এ অধিনায়ক। গায়ে হাত তুলেছিলেন। ঘুষি মেরেছিলেন ডিয়েগো ম্যারাডোনাকেও।

একবার এক মনোবিদকে আক্রমণ করে ছয় মাসের নিষেধাজ্ঞা জেলবাসের শাস্তি জুটেছিল চিলাভার্টের। এ ছাড়া কোপা আমেরিকার শতবর্ষপূর্তি সংস্করণে ধারাভাষ্যকার হিসেবে কনমেবল সভাপতির নিন্দা করে ছাঁটাইও হয়েছিলেন খেলোয়াড়ি জীবনে ‘বুলডগ’খ্যাত রিয়াল জারাগোজার সাবেক এ গোলরক্ষক।

২০২৩ সালে প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন চিলাভার্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজে জানিয়েছেন এমন ইচ্ছার কথা।

‘চিলা প্রেসিডেন্তে ২০২৩’ টুইট করেন চিলাভার্ট। এর সঙ্গে একটি বাণীও জুড়ে দেন, ‘প্যারাগুইয়ান হিসেবে গর্বিত।’ প্যারাগুয়ের বর্তমান প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ। ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জেতেন তিনি।

চিলাভার্ট প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে তিনি জর্জ উইয়াহর পাশে বসবেন। ১৯৯৫ সালে ব্যালন ডি’অরজয়ী এসি মিলান কিংবদন্তি তাঁর দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট। ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোমারিও তাঁর দেশের সিনেটর।