গঞ্জালো হিগুয়েইনের হেডে জিতল জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের অধিনায়ককেই ঢুস! না, ম্যাচ শেষে নাটকীয় জয়ের উদ্‌যাপনে হিগুয়েইন ও বুফন। ছবি: এএফপি
নিজের অধিনায়ককেই ঢুস! না, ম্যাচ শেষে নাটকীয় জয়ের উদ্‌যাপনে হিগুয়েইন ও বুফন। ছবি: এএফপি
>
  • হিগুয়েইন বড় ম্যাচ জেতাতে পারেন কি না, এমন একটা প্রশ্নও আছে। তার কিছুটা উত্তর কাল দিলেন। মহাগুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাচে জুভেন্টাস হিগুয়েইনের হেডে জিতল ৩-২ গোলে

আর্জেন্টিনার জার্সি গায়ে হিগুয়েইনের বেশ কিছু ব্যর্থতা অল্প মাত্রার বিষমাখা তির হয়ে বিঁধে আছে আর্জেন্টিনা-সমর্থকদের বুকে। অল্প মাত্রার বলেই যার জ্বালা এখনো ভুলতে পারে না তারা। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে হিগুয়েইনের দুটি গোলের সুযোগ হাতছাড়া করা মেনে নেওয়া কঠিনও। শুধু ওই বিশ্বকাপে নয়, বড় ম্যাচে হিগুয়েইন আর্জেন্টিনা অনেকবারই হতাশ করেছেন। এমনকি ক্লাব-সমর্থকদেরও। হিগুয়েইন বড় ম্যাচ জেতাতে পারেন কি না, এমন একটা প্রশ্নও আছে। তার কিছুটা উত্তর কাল দিলেন। মহাগুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাচে জুভেন্টাস হিগুয়েইনের হেডে জিতল ৩-২ গোলে।

ইতালিয়ান লিগ শেষের দিকে এসে দারুণ জমে উঠেছে। সেটি আরও জমে ক্ষীর হয়ে উঠতে পারত কাল। সান সিরোতে নিজেদের মাঠে জুভেন্টাসকে বেশ বড় ধাক্কা দিয়েছিল ইন্টার মিলান। ৮৫ মিনিট পর্যন্ত জুভেন্টাস পিছিয়ে ছিল ২-১ গোলে। ১৭ মিনিটেই লাল কার্ডের খাঁড়ায় ১০ জনের দল হয়ে পড়া ইন্টারকে এগিয়ে রেখেছিল বারজাগলির আত্মঘাতী গোল। ৮৬ মিনিটে মিলান স্ক্রিনার আবার আত্মঘাতী গোল করেই জুভেন্টাসকে সমতায় ফেরান। ৮৮ মিনিটে ফ্রি কিক থেকে মাথা ছুঁইয়ে জুভেন্টাসকে এগিয়ে দেন হিগুয়েইন।

১২ মিনিটে ব্রাজিল উইঙ্গার ডগলাস কস্তার সৌজন্যে গোলের খাতা খোলার এ ম্যাচেও হিগুয়েইন গোলরক্ষককে একা পেয়েও গোল করতে না পারার ভুল চোখে বিঁধেছে। ৫১ মিনিটে আরেক আর্জেন্টাইন মাউরো ইকার্দির দুর্দান্ত হেডার ইন্টারকে সমতা ফেরায়। ম্যাচে দাপট নিয়ে খেলা জুভেন্টাস সুবিধা করতে পারছিল না। এরপরই তো বিপদে পড়ে যায় আত্মঘাতী গোলে। শেষ পর্যন্ত জয় পায় হিগুয়েইনের সৌজন্যেই। পায় মহামূল্যবান ৩ পয়েন্ট।

দুই দলের জন্যই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কাল জুভেন্টাস হেরে গেলে নাপোলির সামনে সুযোগ থাকত এক নম্বরে উঠে যাওয়ার। কিন্তু শেষ মুহূর্তের এই জয় জুভেন্টাসকে ৩৫ রাউন্ড শেষেও একে থাকা নিশ্চিত করল। জুভেন্টাসের পয়েন্ট ৮৮, আজ ফিওরেন্টিনার বিপক্ষে জিতলেও নাপোলির পয়েন্ট হবে ৮৭। বোঝাই যাচ্ছে জুভেন্টাসকে কত গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন হিগুয়েইন।

অন্যদিকে, ইন্টার সুযোগ হাতছাড়া করল সেরা চারে উঠে আসার। ১০ জনের দল নিয়েও যেভাবে মরিয়া হয়ে খেলছিল সমর্থকদের গর্জনে উদ্দীপ্ত হয়ে, তাতে এই পরাজয় হজম করাটা তাদের জন্য কঠিন হবে। জিতলে ইন্টার শুধু চারে থাকত না, তিনে থাকা রোমার সঙ্গে ব্যবধান হতো মাত্র ১ পয়েন্টের। চ্যাম্পিয়নস লিগে ফিরে আসার সুযোগ আরও উজ্জ্বল হতো।

ইতালিয়ান লিগে এবার শিরোপা, চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার মতো রেলিগেশন এড়ানোর লড়াইও বেশ জমেছে। এখন শেষ তিন ম্যাচের নাটক দেখার পালা!

শেষ পর্যন্ত লিগ টায়ে টায়ে শেষ হলে হিগুয়েইন বলতে পারবেন, বাপু, সেদিন যদি হেডটা ঠিকমতো না করতাম! এমনিতে চ্যাম্পিয়নস লিগ রিয়ালের কাছে বিতর্কিত পেনাল্টিতে ৩ গোলের প্রত্যাবর্তনের রূপকথা ছাই হয়ে যাওয়ার পর জুভেন্টাসকে বড় ক্লান্ত দেখাচ্ছে। লিগে টানা দুই ম্যাচে হারিয়েছে ৪ পয়েন্ট। কাল এভাবে ঘুরে না দাঁড়ালে জুভেন্টাস হয়তো শেষে এসে পথই হারাত।

ওয়েলডান হিগুয়েইন! লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে বাধ্য হওয়া কোচ অ্যালেগ্রি শেষ বাঁশির সঙ্গে সঙ্গে মাঠে ছুটে এসে হয়তো এ কথাই বলেছেন রেকর্ড দামে সই করানো এই ফরোয়ার্ডের পিঠ চাপড়ে!