
প্রশ্নটার মুখোমুখি আগেও অনেকবার হতে হয়েছে। ৩৮ বছর পর কলকাতায় ফিরে আবার একই প্রশ্নের উত্তর দিতে হলো। কাল নতুন করে বললেন পুরোনো কথাটাই। লিওনেল মেসিকেই এ সময়ের সেরা ফুটবলার মনে করেন পেলে।
মেসি না রোনালদো, প্রসঙ্গটা এখন মোটামুটি ক্লিশেই হয়ে গেছে। তবে বিতর্ক তো আর থেমে থাকে না। আর রায়টা তর্কাতীতভাবে সর্বকালের সেরা ফুটবলারের কাছ থেকে সবাই তো শুনতে চাইবেই। কাল সংবাদ সম্মেলনে পেলে বরমাল্যটা মেসিকেই পরিয়ে দিলেন, ‘গত ১০ বছরে অবশ্যই মেসি সেরা খেলোয়াড়। অনেকেই রোনালদোর সঙ্গে মেসির তুলনা করে। কিন্তু ওরা দুজন দুই ধরনের খেলোয়াড়। রোনালদো অনেকটা সেন্টার ফরোয়ার্ডের মতো, একজন স্কোরার। আর মেসি একটু নিচে খেলে। তবে দুজনই দুর্দান্ত।’
একটা সময় পেলে বলেছিলেন, মেসি-রোনালদো দুজনকেই ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা আছে নেইমারের। পরশু অবশ্য সে রকম কিছু বলেননি, ‘আমি আশা করব নেইমার ব্রাজিলের হয়ে একটা ট্রফি জিতবে। সে সান্তোস থেকে এসেছে, আমিও এই ক্লাবে খেলতাম। আমার ছেলে এডিনহো ওর প্রশিক্ষক ছিল। সে জন্যও আমি গর্বিত। ওর দুর্দান্ত একটা ভবিষ্যৎ আছে। আর নেইমার এই সময়ের সেরা খেলোয়াড়দের একজন, এ ব্যাপারে সন্দেহ নেই।’
ব্রাজিলের প্রসঙ্গ আসলে তো গত বিশ্বকাপের দুঃস্বপ্নের কথা উঠবেই। পেলে জার্মানির কাছে ওই হারের জন্য দল হিসেবে খেলতে না পারাকেই দায়ী করেছেন, ‘বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছে আমাদের, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপের আগে আমরা দলকে প্রস্তুত করার সময় পাইনি। খেলোয়াড়দের লম্বা সময় ধরে তো একসঙ্গে খেলাতে হবে। সেটাও হয়নি। হ্যাঁ, এটা ঠিক, এই দলের বিভিন্ন জায়গায় এখনো কিছু সমস্যা আছে।’
পেলের যুগের সেই ফুটবল এখন অনেকটাই বদলে গেছে। এখন টাকার ঝনঝনানি অনেক বেশি, নানামুখী সংকটও বেড়েছে। তবে ফুটবলটা আগের মতো না থাকার জন্য পেলে দুষলেন এজেন্টদেরই, ‘ফুটবল থেকে উন্মাদনাটা হারিয়ে যায়নি। আমাদের সময়ে খেলোয়াড়েরা ছিল ক্লাবের। আর এখন তাদের চালায় এজেন্টরা।’ পেলে অবশ্য দাবি করলেন, এই যুগের শারীরিক ফুটবলের সঙ্গে খাপ খাইয়ে নিতে তাঁর কোনো সমস্যাই হতো না।
অবধারিতভাবেই এসেছে আরেকটি প্রশ্ন। ফিফা-কেলেঙ্কারিতে ফুটবল বিশ্ব এখন টালমাটাল। পেলেকে কি ফিফায় দেখা যাওয়ার কোনো সম্ভাবনা আছে? সরাসরি ‘না’ করে দিলেন, ‘না, ফিফা সভাপতি হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই।’ এএফপি, আইএএনএস।