গতি বাড়ানোর বুদ্ধি 'ধার' করলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতি বাড়াতে বুট নিয়ে কিছু কাজ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: টুইটার
গতি বাড়াতে বুট নিয়ে কিছু কাজ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: টুইটার

অনেকেই বলেন মাঠে ক্রিস্টিয়ানো রোনালদো একজন ‘পারফেকশনিস্ট’। নিজের আরও উন্নতি করতে কোনো রকম ছাড় দিতে চান না। সে কারণেই ৩৫ বছর বয়সেও তিনি বিশ্বসেরাদের একজন। ইতালিয়ান সংবাদমাধ্যম টুট্টোস্পোর্ট জানিয়েছে, নিজের গতি বাড়াতে এক কৌশল করেছেন রোনালদো।

ফুটবল গতির খেলা। সেজন্য শারীরিক ফিটনেসের বিকল্প নেই। রোনালদো এদিক বিচারে আদর্শ। করোনাভাইরাস মহামারিতে ‘লকডাউন’ চলাকালেও ঘাম ঝরিয়েছেন জুভেন্টাস তারকা। কিন্তু বয়স তো বসে নেই। পঁয়ত্রিশ বছরে পা রেখে প্রাকৃতিকভাবেই গতি হারানোয় বিকল্প ব্যবস্থা নিয়েছেন রোনালদো। যদিও তিনি এখনো দ্রুততম ফুটবলারদের একজন।

ফুটবলারদের বুটের তলে কাঁটা বা চিকন পেরেকের মতো ‘স্টাড’ থাকে। এতে দৌড়ের গতি বাড়ে এবং ভারসাম্য ধরে রাখতে সুবিধা হয়। জুভেন্টাসের সবশেষ অনুশীলন সেশনে রোনালদোর বুট নজরে পড়ে সংবাদমাধ্যমের। এমনিতে তিনি 'নাইকি মারকুরিয়াল সুপারফ্লাই ‘বুট’ ব্যবহার করলেও সেদিন বিশেষভাবে বানানো এক জোড়া বুট পরে অনুশীলন করেন পর্তুগিজ তারকা।

জুভেন্টাসের সবশেষ অনুশীলনে এই বুট পরে ঘাম ঝরিয়েছেন রোনালদো। ছবি: টুইটার
জুভেন্টাসের সবশেষ অনুশীলনে এই বুট পরে ঘাম ঝরিয়েছেন রোনালদো। ছবি: টুইটার

পরে জানা যায়, রোনালদো গতি বাড়ানোর পরীক্ষামূলক কর্মসূচি হিসেবে কিছুদিন ধরেই এমন বুট পরে অনুশীলন করছেন। রাগবি খেলার বুটের তলায় যে স্টাড ব্যবহার করা হয়, তেমনটা নিজের বুটে ব্যবহার করছেন রোনালদো। রাগবি বুটের এগুলো একটু মোটা হয়ে থাকে, মাঠে যা কাদার মধ্যেও খুব ভালোভাবে সেঁটে থাকে। ধাতব স্টাডের বদলে নাকি রাবার ব্যবহার করছেন রোনালদো। রাগবি বুটে সাধারণত ছয়টির বদলে আটটি স্টাড ব্যবহার করা হয়।

মঁপেলিয়ের ফরোয়ার্ড অ্যান্ডি ডেলোর্ট এর আগে ঠিক এমন বুটই ব্যবহার করেন। লিগ ওয়ানে ঘন্টায় সর্বোচ্চ ৩৬.৮ কিলোমিটার গতির রেকর্ড গড়েছিলেন এমন বুট পরেই। পাঁচবারের বর্ষসেরা তারকার নিশ্চয়ই এসব অজানা নয়। তাই বুট ও তলা পাল্টে এই নতুন ব্যবস্থা।

গতি বাড়ানোর অনুশীলন গত এক বছরের বেশি সময় ধরেই করছেন রোনালদো। ১০০ মিটার স্প্রিন্টে ইউরোপিয়ান রেকর্ডধারী ফ্রান্সিস ওবিকলুর সঙ্গে এ নিয়ে বেশ কয়েকবার নাকি কথা হয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার। ওবিকলুর বিশেষ কিছু অনুশীলন মন কেড়েছে রোনালদোর। তবে জুভেন্টাস ফরোয়ার্ড তাঁর নতুন এ কৌশল শিগগিরই ম্যাচে ব্যবহার করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।