গভীর রাতে খবর জানায় বার্সেলোনা
তথ্যপ্রযুক্তির এই যুগে যখনকার খবর তখনই জানা যায়। বার্সেলোনা এ ক্ষেত্রে চার মাস ধরে একটি ‘অভ্যাস’ মেনে আসছে—খেলোয়াড় বেচাকেনা থেকে কোচ অদলবদলের খবর জানাচ্ছে গভীর রাতের আঁধারে।
দিনের আলোয় এসব কাজ সেরে ফেলার বিষয়টি বার্সা যেন ভুলেই গেছে!
তা নয় তো কী? আঁতোয়ান গ্রিজমানের কথাই ধরুন। ফরাসি ফরোয়ার্ড ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে যোগ দেন বার্সায়। তারপর থেকে সময়টা ভালো কাটেনি গ্রিজমানের। স্কোয়াডে নিয়মিত হতে পারেননি।
ক্লাব, কোচ ও লিওনেল মেসির সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না বলে শোনা যায়। আর্জেন্টাইন তারকা পিএসজিতে চলে যাওয়ার পর অনেক বার্সা ভক্ত গ্রিজমানকে প্রকাশ্যে দোষারোপ করেছেন। গত দলবদলের মৌসুমের শেষ দিনে (৩১ আগস্ট) বার্সা ছেড়ে আতলেতিকোয় ফিরে যান গ্রিজমান। এই ফরাসি ফরোয়ার্ডকে ছেড়ে দেওয়ার খবর সেদিন স্প্যানিশ সময় রাত ১১.৫৮ মিনিটে জানিয়েছিল বার্সা।
গ্রিজমান যেদিন বার্সা ছাড়লেন, সেদিন ক্লাবটিতে যোগ দেন ডাচ স্ট্রাইকার লুক ডি ইয়ং। তাঁকে এক মৌসুমের জন্য ধারে নিয়ে যায় বার্সা। দলবদলের শেষ দিনে বার্সা এ খবর নিশ্চিত করেছে স্প্যানিশ সময় রাত ১.২৪ মিনিটে।
মজার ব্যাপার, অনলাইনে খবরটি নিশ্চিতের কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করে নেয় বার্সা। প্রায় দুই ঘণ্টা পর রাত ৩.৩০ মিনিটে আবারও ডি ইয়ংকে কেনার খবরটি অনলাইনে নিশ্চিত করে ক্যাম্প ন্যুর ক্লাবটি।
মাঝে এক মাস বার্সা রাতে আর ফুটবলপাড়া গরম করেনি। অক্টোবরে এসে ক্লাবটি হেঁটেছে সে পথে। ২৮ অক্টোবর কোচ রোনাল্ড কোমানকে ছাঁটাই করে বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার পরিচালনা পর্ষদ।
স্প্যানিশ সময় রাত ১২টা ১৫ মিনিটে কোমানকে ছাঁটাইয়ের খবর নিশ্চিত করে বার্সা। কোমানের ছাঁটাই হওয়া মোটামুটি প্রত্যাশিত হওয়ায় তখন এ নিয়ে আর রা করেননি বার্সা সমর্থকেরা।
কিন্তু এরপর কোমানের জায়গায় উত্তরসূরি হিসেবে যিনি এলেন, তাঁর বেলায়ও খবরটা জানা গেল রাতে। কাল রাতে স্প্যানিশ সময় রাত ১টা ৪৭ মিনিটে জাভি হার্নান্দেজকে কোচ পদে বসানোর খবরটি অনলাইনে জানিয়ে দেয় বার্সা। যা নিয়ে মজা করে টুইট করেছেন ইএসপিএনের স্প্যানিশ ফুটবলবিষয়ক বিশেষ প্রতিবেদক সামুয়েল মার্সদেনও।
জাভিকে বার্সার কোচ করে আনার আনুষ্ঠানিক ঘোষণার স্ক্রিনশট দিয়েছেন টুইটে, এরপর বার্সার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করে টুইটে মার্সদেন লিখেছেন, ‘রাতের ১টা ৪৭ মিনিটে? আর সময় পেলে না, বার্সেলোনা!’