গভীর রাতে নাকাল মুলার-রোবেনরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিসংকেত পেয়ে এই বেশেই গভীর রাতে মস্কোর হোটেলের বাইরে গিয়ে দাঁড়িয়েছিলেন আরিয়েন রোবেন। ছবি: মেইল
অগ্নিসংকেত পেয়ে এই বেশেই গভীর রাতে মস্কোর হোটেলের বাইরে গিয়ে দাঁড়িয়েছিলেন আরিয়েন রোবেন। ছবি: মেইল

মস্কোর কনকনে ঠান্ডার রাত। তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে এসে এই ঠান্ডার মধ্যেই অযথা নাকাল হতে হলো বায়ার্ন মিউনিখ দলকে। গভীর রাতে হোটেলের কান ফাটানো অগ্নিসংকেত পুরো দলকে নিয়ে ফেলল খোলা আকাশের নিচে। আতঙ্কে অস্থির হয়ে রাস্তায় এসে তীব্র ঠান্ডায় পুরো দল দাঁড়িয়ে থাকল পাক্কা একটা ঘণ্টা। পেপ গার্দিওলার শিষ্যরা যখন শুনলেন, এই সংকেত হোটেল-কর্মীদের বিশেষ অগ্নিনিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণের অংশ, তখন তাঁদের মনের অবস্থা কেমন হয়েছিল কে জানে!
চ্যাম্পিয়নস লিগে আজ রাতেই সিএসকে মস্কোর বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। গতকাল রাত ১২টার দিকে ঘটে এই ঘটনা। রাতের খাবার অনেক আগেই সারা হয়ে গিয়েছিল। অগ্নিসংকেত বাজার সময় খেলোয়াড়েরা প্রায় সবাই হয় ঘুমিয়ে পড়েছিলেন, নয়তো ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় বলা নেই, কওয়া নেই বেজে উঠল সংকেত। হোটেল-কর্মীদের প্রশিক্ষণবিষয়ক এই সংকেতের বিষয়টি বায়ার্ন দলকে আগেই জানানো হয়েছিল কি না, সেটা অবশ্য জানা যায়নি।
বায়ার্ন মিউনিখের খেলোয়াড়েরা অবশ্য পুরো ব্যাপারটিকে ‘মজা’ হিসেবেই নিয়েছেন। হঠাৎ করেই গভীর রাতে কম্বলটম্বল নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়ানোটা তো আর তাঁদের জীবনে সচরাচর হয় না। গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার যেমন বলেছেন, ‘মস্কোয় এসে আমরা সবাই যেন স্কুলজীবনে ফিরে গিয়েছি। স্কুলেও এভাবেই আমাদের মহড়া দিতে হতো।’ তথ্যসূত্র: মেইল অনলাইন।