গরুর হাটে বেহাল ব্রাদার্স মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি শেষে আগামীকাল মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ ফুটবল। ক্লাবগুলো এখন প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু মনমতো অনুশীলন করাতে পারছেন না ব্রাদার্স কোচ সৈয়দ নইমুদ্দিন। কারণ, গোপীবাগের ব্রাদার্স মাঠে বসেছিল কোরবানির পশুর হাট। স্বাভাবিকভাবেই বিধ্বস্ত এক জনপদের চেহারা নিয়েছে এটি। এমনটা অবশ্য নতুন নয়, প্রতিবছরই এই দৃশ্য দেখা যায়। রহমতগঞ্জ এবং ইস্ট এন্ড মাঠেও বসে গরুর হাট। এতে আর্থিকভাবে লাভবান হয় ক্লাব।
এ কথাটাই বললেন ব্রাদার্সের ডিরেক্টর ইনচার্জ ও বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ, ‘ক্লাব মোটা অঙ্কের টাকা পায় গরুর হাট থেকে। এমনিতে ক্লাব চালাতে এখন আর স্পনসর পাওয়া যায় না। তাই আমরা বাধ্য হয়ে এই কাজটা করি। আর এটা তো বহুদিন ধরেই চলে আসছে।’ সেই ধারা ভাঙতে এই মাঠের স্থায়ী বরাদ্দ চায় ব্রাদার্স। সরকারের কাছে আবেদন করে গত ছয় মাসেও সাড়া না পেয়ে তারা হতাশ। এটি স্থায়ীভাবে পেলে স্থায়ী আয়ের একটা উৎস হবে বলে মনে করে ক্লাব।
সে অনেক দূরের কথা। আপাতত মাঠ নিয়ে সবচেয়ে ভুক্তভোগী কোচ নইমুদ্দিন। ব্রাদার্স কর্মকর্তারা যদিও বলছেন, মাস খানেকের মধ্যে মাঠ আগের অবস্থায় চলে আসবে, তবে অবস্থা দেখে মনে হলো, সময় আরও বেশি লাগবে। তাই লম্বা একটা সময়ই নইমুদ্দিনকে এদিক-সেদিক ছুটতে হবে অনুশীলনের জন্য। সেটা ভেবেই তিনি উদ্বিগ্ন। কাল সকালে দল নিয়ে যান কমলাপুরে স্টেডিয়ামে। বিকেল ক্লাব ভবনের দোতলায় চলে স্ট্রেচিং। সেখানে দাঁড়িয়েই রাস্তার ওপাশে মাঠের দিকে তাকিয়ে বললেন, ‘পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই অনুশীলন করাতে হবে। কিছু করার নেই।’