গর্ব যখন আকাশসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল দেইয়া, ক্লদিও সুয়ারেজ, হোসাম হাসান ও ইভান হুরতাদো
আল দেইয়া, ক্লদিও সুয়ারেজ, হোসাম হাসান ও ইভান হুরতাদো

‘আমি আমৃত্যু খেলে যেতে চাই’—১৭ বছরের ক্যারিয়ার শেষে কান্নাভরা চোখে বলেছিলেন এস্তোনিয়া মিডফিল্ডার মার্টিন রেইম। ফুটবল যাঁদের রক্তে, তাঁরা তো এটা বলবেনই। বছরের পর বছর অক্লান্ত খেলে যাওয়ার রহস্যই তো খেলাটার প্রতি দুর্মর ভালোবাসা। আর সেটা যদি হয় দেশের হয়ে, সেই গর্বের সঙ্গে অন্য কিছুর বোধ হয় তুলনা হয় না। এদিক দিয়ে আহমেদ হাসান নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ফুটবলার মনে করতেই পারেন!

মিসরের এই মিডফিল্ডার অবসর নিয়েছেন দুই বছর আগে। তার আগেই অবশ্য করে ফেলেছেন দেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড। হাসানের ১৮৪ ম্যাচের রেকর্ডটা টিকে থাকবে আরও অনেক দিনই। এই লেখার সঙ্গে যে তালিকাটা ছাপা হয়েছে, সেটি একটু দেখুন। ওপরের দিকেই জ্বলজ্বল করছে মিসরের আরও একজনের নাম। আহমেদ হাসানের রেকর্ডটা একসময় ছিল হোসাম হাসানেরই। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে দেশের হয়ে শেষ ম্যাচটি (১৬৯তম) খেলে রেকর্ডটাকে সঙ্গী করেই বিদায় নিয়েছিলেন এই স্ট্রাইকার। তিন মাস পরেই অবশ্য সেটি হাতবদল হয়ে গেছে, সৌদি আরবের গোলরক্ষক মোহামেদ আল দেইয়া সেটা ছিনিয়ে নিয়েছেন সেই বছরের মেতেই। ২০১২ সালের ফেব্রুয়ারিতে দেইয়াকে টপকে যান মিসরের আহমেদ হাসান।

আহমেদ হাসান
আহমেদ হাসান



ফুটবলে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলায় কীর্তিমানদের মধ্যে তেমন বিখ্যাত কোনো নাম নেই। একমাত্র ব্যতিক্রম ইকার ক্যাসিয়াস। স্প্যানিশ অধিনায়কের সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য বেলা শেষের গান শোনাচ্ছে। তবে নিজে এখনো সরে দাঁড়াবেন বলে কোনো আভাস দেননি। শীর্ষ দশে এখনো দেশের হয়ে খেলে যাওয়া একমাত্র ফুটবলারও ক্যাসিয়াসই।

এই তালিকায় বিস্ময় যেমন আছে, বৈচিত্র্যেরও অভাব নেই। এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরাপের ফুটবলার আছেন এখানে। তিনজন প্রতিনিধি নিয়ে সামান্য এগিয়ে এশিয়াই। মিলের মধ্যেও মিল, এই তিনজনই আবার মরু অঞ্চলের বাসিন্দা। দেইয়া ও মোহাম্মেদ আল খিলাউয়ি খেলেছেন সৌদি আরবের হয়ে, আদনান আল তালইয়ানি ছিলেন আরব আমিরাতের ফরোয়ার্ড।

ইকুয়েডরের সাবেক ডিফেন্ডার ইভান হুরতাদো অবশ্য বাকিদের চেয়ে একটু ব্যতিক্রম। তালিকার একমাত্র লাতিন ফুটবলার বলেই নয়, বিশ্বকাপের বাছাইপর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারও কিন্তু হুরতাদো। ২০০২ সালে ইকুয়েডরকে প্রথমবারের মতো বিশ্বকাপে নিয়ে যাওয়ার অন্যতম কুশীলবও ছিলেন বটে।

বিশ্বকাপের কথা এলে আহমেদ হাসানের নামটা আবার চলে আসে। তবে প্রাপ্তির নয়, আক্ষেপের নিরিখে। দেশের হয়ে এত ম্যাচ খেলেছেন, বিশ্বকাপটাই কখনো খেলা হয়নি সাবেক এই মিডফিল্ডারের। ১৯৯০ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল মিসর, হাসানের অভিষেক এর পাঁচ বছর পর। দেশের হয়ে চারবার আফ্রিকান নেশনস কাপ জয় তো আর এই আক্ষেপ ঘোচাতে পারে না! এদিক দিয়ে হোসাম সৌভাগ্যবান, বিশ্বকাপে খেলার অতৃপ্তি নিয়ে ক্যারিয়ার শেষ করতে হয়নি তাঁকে।

আহমেদ হাসানের এই আক্ষেপের সঙ্গী শীর্ষ দশে আর একজনই, ভিতালিস আসতাফিয়েভসের দেশ লাটভিয়া অবশ্য কখনো বিশ্বকাপই খেলেনি। অবশ্য বড় মঞ্চে দেশটির একমাত্র প্রতিনিধিত্ব যেবার, ২০০৪ ইউরোতে দলের হয়ে তিনটি ম্যাচেই খেলেছিলেন আসতাফিয়েভস।

ও হ্যাঁ, আঞ্চলিক সহাবস্থানের মতো আরেকটা দিক থেকেও তালিকাটা দারুণ ভারসাম্যপূর্ণ। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরোয়ার্ড—সবাই আছেন এখানে। গোলরক্ষক দুজন—দেইয়া ও ক্যাসিয়াস। সুয়ারেজ, হুরতাদো ও খিলাউয়ি ডিফেন্ডার। আহমেদ হাসান, আসতাফিয়েভস ও যুক্তরাষ্ট্রের কোবি জোন্স খেলতেন মধ্যমাঠে আর হোসাম ও তালইয়ানি ছিলেন স্ট্রাইকার।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ

                                                ম্যাচ        ক্যারিয়ারের ব্যাপ্তি 

১. আহমেদ হাসান (মিসর)                      ১৮৪      ১৬ বছর ১৪৫ দিন

২. মোহামেদ আল দেইয়া (সৌদি আরব)        ১৭৮      ১৩ বছর ৩২ দিন

৩. ক্লদিও সুয়ারেজ (মেক্সিকো)                  ১৭৭      ১৩ বছর ৩১০ দিন

৪. হোসাম হাসান (মিসর)                      ১৬৯     ২০ বছর ১৫০ দিন

৫. ইভান হুরতাদো (ইকুয়েডর)                  ১৬৬     ১৭ বছর ৩৫৭ দিন

৬. ভিতালিস আসতাফিয়েভস (লাটভিয়া)       ১৬৫     ১৮ বছর ৮৩ দিন

৭. কোবি জোন্স (যুক্তরাষ্ট্র)                      ১৬৪      ১২ বছর ৩৬ দিন

৮. মোহাম্মেদ আল খিলাউয়ি (সৌদি আরব)     ১৬৩     ৮ বছর ৩৫০ দিন

৯. আদনান আল তালইয়ানি (আরব আমিরাত)  ১৬১      ১৩ বছর ২৮৩ দিন

১০. ইকার ক্যাসিয়াস (স্পেন)                   ১৫৮     ১৪ বছর ১২৮ দিন*

* এখনো খেলছেন