গল্প শুনুন 'ভুটানের রোনালদো'র...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুটানকে দক্ষিণ এশিয়ার সেরা বানাতে চান চেনচো। ছবি: সংগৃহীত
ভুটানকে দক্ষিণ এশিয়ার সেরা বানাতে চান চেনচো। ছবি: সংগৃহীত

ভুটানে সবাই তাঁকে আদর করে ‘রোনালদো’ ডাকে। ক্রিস্টিয়ানো রোনালদোর ডাক নাম যেমন ‘সিআর সেভেন’, ভুটানেও সবাই চেনচো গেইলশেনকে ডাকে ‘সি জি সেভেন’ নামে। অনেকেই বলেন, চেনচোর চেহারার সঙ্গে কোথায় যেন রোনালদোর চেহারার মিল আছে! ভুটানের এই তারকার প্রিয় ফুটবলারও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। মাঠের খেলাতেও তাঁকে অনুসরণের চেষ্টা করেন। দেশের হয়ে যে জার্সিতে মাঠে নামেন, সেটার নম্বর রোনালদোর সঙ্গেই মেলানো—৭।

অথচ ‘ভুটানের রোনালদো’ বা ফুটবল দূরের ব্যাপার, চেনচো হতে পারতেন একজন সৈনিক! ফুটবল নয়, দেশে-বিদেশে শান্তি স্থাপনও হতে পারত তাঁর কাজ।

চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক মামুনুল ইসলাম কাল যখন তাঁকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের প্রেসবক্সে নিয়ে এলেন, স্থানীয় সাংবাদিকেরা অবাক চোখে তাকিয়ে ছিলেন। দৃষ্টিতে ছিল প্রশংসা, খনিকটা ঈর্ষাও! সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলের হতাশার অন্য নামই যে চেনচো। থিম্পুতে গত ১০ অক্টোবর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে এই ২০ বছর বয়সী ফরোয়ার্ডই তো সর্বনাশটা করেছিলেন বাংলাদেশের! ভুটানের কাছে ৩-১ গোলে হারের ম্যাচে চেনচো করেছিলেন দুই গোল। পরোক্ষে এই চেনচোর জন্যই বাংলাদেশ আগামী তিন বছর ফিফা-এএফসির ম্যাচ থেকে বঞ্চিত! প্রসঙ্গটা তুলতেই লাজুক হাসি চেনচোর, ‘দেশের হয়ে গোল করতে সবারই ভালো লাগে। আমি দলকে জেতাতে পেরেছি, ভাবতেই গর্ব হয়।’

চেনচো এবারের প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনীতে। একজন ভালোমানের স্ট্রাইকারের অভাবটা প্রথম পর্বে বেশ হাড়ে হাড়েই টের পেয়েছিল চট্টগ্রামের দলটি। তাই এবার ‘ভুটানের রোনালদো’কে দলে টেনেছে চট্টগ্রাম আবাহনী। যদিও দ্বিতীয় পর্বে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলা হয়েছে চট্টগ্রাম আবাহনীর; কিন্তু চেনচো মাঠে নেমেছেন মাত্র একটিতে।

থিম্পু থেকে ২০ কিলোমিটার দূরের পাহাড় ঘেরা জেলা পারো। এই জেলাতেই জন্ম ভুটানের রোনালদোর। বাবা-মা কৃষক। তবে সবজির মৌসুমি ব্যবসাও রয়েছে তাঁদের। বাবার স্বপ্ন ছিল, ছেলে বড় হয়ে সেনাবাহিনীর কর্মকর্তা হবেন। কিন্তু নিয়ম-নীতির কড়া শৃঙ্খলে বাঁধা পড়তে চাননি চেনচো। স্কুল পড়ার সময় থেকেই তাই ফুটবলকে বেছে নিয়েছেন। ফুটবল খেলার জন্য লেখাপড়াও বিসর্জন দিয়েছেন, ‘ফুটবল খেলব বলে পড়াশোনাটা ছেড়ে দিয়েছি। গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আর পড়াশোনাই করিনি।’

মাত্র ২০ বছর বয়স চেনচোর। অথচ ভুটান জাতীয় দলের সবচেয়ে বড় ভরসার নাম এখন চেনচো। জাতীয় দলে তাঁর অভিষেক ২০১১ সালে, নেপালের বিপক্ষে এক প্রীতি ম্যাচে। এরপর ২৩ ম্যাচে গোল করেছেন ৯টি। ২০০৭ সালে স্কুলে পড়ার সময় বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৩ দলে ডাক পান। এরপর বিভিন্ন বয়সভিত্তিক দল পেরিয়ে খেলছেন জাতীয় দলে।

সৈনিক হতে পারেননি বলে চেনচোর বাবার এখন কোনো আফসোস নেই। চেনচোর মুখেই শুনুন সেই কথা, ‘বাবা আমাকে সেনাবাহিনীর কর্মকর্তা বানাতে চেয়েছিলেন। কিন্তু এখন তারা চান যেন আমি একজন ভালো ফুটবলার হই। আমার প্রতিটি ম্যাচ দারুণ আগ্রহ নিয়ে দেখেন বাবা-মা। ভুটানের তরুণেরা এখন আমার মতো ফুটবলার হতে চায়।’

পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট চেনচো। বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। এক ভাই ভুটানে সরকারি কর্মকর্তা, আরেকজন সেনাবাহিনীতে চাকরি করেন।

ভাইবোনদের কেউ খেলায় নেই বলে মোটেও আক্ষেপ নেই চেনচোর। বিশ্বকাপ বাছাইপর্বের মূল বাছাইপর্বে খেলা হয়েছে আগেই, এবার প্রথমবারের মতো বিশ্বকাপ ও এশিয়ান কাপের মূল বাছাইপর্বে গিয়ে ইতিহাস গড়েছে ভুটান। চেনচোর স্বপ্নটা এখন আরও বড়—তিনি এখন স্বপ্ন দেখেন ভুটানকে দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন করানোর।