প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল গাসকোয়েন মানেই যেন বিতর্কিত কোনো খবর। কখনো মদ, কখনো নারী, কখনো মারামারি—সাবেক ইংলিশ ফুটবলারের পুরো জীবনটাই কাটছে এসব খবরের জন্ম দিয়ে। সেই গাসকোয়েন ওরফে গাজ্জা এবার একটা কিছু জিতেছেন। না, ফুটবল মাঠে নয়—আদালতে। বেশ কয়েকজন তারকার ফোনে আড়ি পাতার খেসারত হিসেবে মোটা অঙ্কের জরিমানা দিতে হচ্ছে ইংল্যান্ডের মিরর গ্রুপকে। যাঁদের মধ্যে আছেন গাসকোয়েনও। ক্ষতিপূরণ হিসেবে গাসকোয়েন পাচ্ছেন ১ লাখ ৮৮ হাজার ২৫০ পাউন্ড। যদিও লন্ডনের উচ্চ আদালতে তিনি মামলা করেছিলেন এর ৮ গুণ বেশি টাকা চেয়ে! আড়ি পাতার কাজটা করেছিল মিরর গ্রুপের তিনটি পত্রিকা মিরর, সানডে মিরর ও দ্য পিপল-এর একদল সাংবাদিক। পরে অবশ্য গত ফেব্রুয়ারিতে মিরর গ্রুপের পক্ষ থেকে নিন্দিত এই কাজের জন্য একটি প্রতিবেদন লিখে ক্ষমাও চাওয়া হয়। রেহাই মেলেনি তাতেও। বিবিসি।