গাত্তুসোর এই মিলানকে রুখতে পারবে জুভেন্টাস?

>
- লাৎসিওকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে এসি মিলান।
- কোপা ইতালিয়ার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ জুভেন্টাস।
ইউরোপিয়ান ফুটবলে হারানো সৌন্দর্যের কথা উঠলে এসি মিলানের কথা মনে পড়বেই। কার্লো আনচেলত্তির অধীনে আন্দ্রে পিরলো-কাকাদের সেই অসাধারণ দলটাকে কেউ ভুলতে পারেনি। নানা চড়াই-উতরাই পেরিয়ে মিলান আবারও স্বরূপে ফেরার চেষ্টায়। কাল লাৎসিওকে টাইব্রেকারে হারিয়ে কোপা ইতালিয়ার ফাইনালে উঠেছে ‘রোজনেরি’রা।
প্রথম লেগে গোলশূন্য ছিল দুই দল। ফিরতি লেগেও অতিরিক্ত সময় পর্যন্ত স্কোরবোর্ড ছিল গোলশূন্য। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। দুই দল পাঁচটি করে পেনাল্টি নেওয়ার পরেও ৩-৩ গোলে সমতা! ম্যাচ গড়ায় ‘সাডেন ডেথ’-এ। এই ‘হঠাৎ মৃত্যু’র মঞ্চে গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারোমার বিশ্বস্ত হাত বাঁচিয়ে তোলে মিলানকে। দলকে ফাইনালে তুলতে ৩টি ‘সেভ’ করেন ডোনারোমা।
তবে ম্যাচটা কিন্তু টাইব্রেকারে গড়াত না যদি ফিরতি লেগে ‘দেয়াল’ হয়ে না দাঁড়াতেন দুই দলের গোলরক্ষক। শুরুতে মিলানকে চেপে ধরেছিল লাৎসিও। ডোনারোমা দুই মিনিটের ব্যবধারে দুটি ‘সেভ’ করে বাঁচিয়ে দেন মিলানকে। বিরতির পর লাৎসিওকে চেপে ধরে মিলান। এ সময় তারা গোলের সুযোগ পেলেও লাৎসিও গোলরক্ষকের দৃঢ়তায় ব্যর্থ হতে হয়।
আনচেলত্তির সেই মিলানের সেনানী জেনারো গাত্তুসো এখন দলটির কোচ। তাঁর অধীনে ২০১৮ সালে এক ম্যাচেও হারের মুখ দেখেনি মিলান। ২০০৯ সালের পর প্রথমবারের মতো টানা ১৩ ম্যাচ অপরাজিত, এ ছাড়া ৬ ম্যাচ গাত্তুসোর শিষ্যরা কোনো গোল হজম করেনি। কোপা ইতালিয়ার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইতালির আরেক ঐতিহ্যবাহী দল জুভেন্টাস।
রোমে ৯ মে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। সেখানেই দেখা যাবে জুভেন্টাস কি শিরোপা ধরে রাখতে পারবে, নাকি মিলান শিরোপা পুনরুদ্ধার করবে?